বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নানাবিধ অনিয়মে মানিকগঞ্জে ৩ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিলগালা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেসরকারি হাসপাতাল ও দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠান তিনটির উপর আরোপ করা হয়েছে, মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা ।

বুধবার (২৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে শুশ্রুষা হেলথ কেয়ার সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে ৮৫ হাজার টাকা, দারুস সালাম ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা, এবং নগর ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করে সিলগালা করা হয়।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস জানান, লাইসেন্স নবায়ন না করা, কর্তব্যরত চিকিৎসক না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার বলেন, জেলার স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব ও মানসম্মত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিধি-বিধান লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন