

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরব ও বাংলাদেশ রুটে যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই বিশেষ ব্যবস্থার আওতায় সৌদি আরব থেকে বাংলাদেশে আসার একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই বিশেষ স্কিমের আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন প্রবাসীরা উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর্থিকভাবে লাভবান হবে।
উপদেষ্টা জানান, প্রতিবছর হজ ফ্লাইট পরিচালনার সময় একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার একটি রেওয়াজ ছিল। এবার সেই ফাঁকা আসনগুলো প্রবাসীদের জন্য বরাদ্দ দিয়ে কার্যকরভাবে কাজে লাগানো হচ্ছে। এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটি টাকারও বেশি অতিরিক্ত আয় অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি জানান, এই বিশেষ ব্যবস্থায়- মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। মদিনা–ঢাকা–মদিনা এবং জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ৪২ হাজার টাকা।
বাংলাদেশে আগমনের ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত এবং বাংলাদেশ থেকে ফেরার ক্ষেত্রে কার্যকর হবে ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।
এই প্রবাসীবান্ধব উদ্যোগের জন্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।” তবে অতীতে অনেক ভালো উদ্যোগ সঠিক তদারকির অভাবে মুখ থুবড়ে পড়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা এই উদ্যোগটি শতভাগ কার্যকর রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন

