

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সকালের একঘেয়ে নাশতা থেকে মুক্তি পেতে এবং ঝটপট জিভে জল আনা স্বাদের খোঁজে যারা আছেন, তাদের জন্য ডিম-ওটসের স্যুপ হতে পারে এক ম্যাজিক রেসিপি।
সাধারণত ওটস মানেই আমরা ধরে নিই দুধ-কলা বা ফলের মিষ্টি কোনো মিশ্রণ। কিন্তু যারা একটু ঝাল, নোনতা আর গরম-গরম খাবার পছন্দ করেন, তাদের জন্য মাত্র ৫ মিনিটে তৈরি এই স্যুপটি পুরো দিনটাই বদলে দিতে পারে।
কেন এই স্যুপটি আপনার ডায়েটে রাখা জরুরি?
ওটস আর ডিমের এই স্যুপটি কেবল মুখের স্বাদই বদলায় না, এটি আপনার শরীরের জন্য একটি ‘নিউট্রিশন পাওয়ারহাউজ’।
ডিমের উচ্চমানের প্রোটিন এবং ওটসের কমপ্লেক্স কার্বোহাইড্রেট ও ফাইবার একসঙ্গে মিলে দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। ফলে অসময়ে ভাজাপোড়া বা জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছা একবাবেই মরে যায়।
ডিমে থাকা ৯টি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড এবং ওটসের পুষ্টি উপাদান শরীরে তাৎক্ষণিক ও দীর্ঘস্থায়ী শক্তির ভারসাম্য তৈরি করে।
সকালের হালকা ও ওয়ান-পট মিল হিসেবে এটি হজম করা খুবই সহজ এবং পেটের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।
উপকরণ
ওটস ৬ টেবিল চামচ
ডিম ২ টি
চিকেন স্টক কিউব ১ টি
মাখন ২ চা চামচ
রসুন কুচি ২ চা চামচ
কাঁচামরিচ কুচি ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ
ধনেপাতা কুচি ১ কাপ
লেবুর রস ও লবণ স্বাদ অনুযায়ী
পানি ৩ কাপ |
প্রস্তুত প্রণালী
প্রথমে প্যানে মাখন গরম করে রসুন কুচি ও কাঁচামরিচ কুচি হালকা সোনালী করে ভেজে নিন। সুন্দর গন্ধ বের হলে ৩ কাপ পানি ও চিকেন স্টক কিউবটি দিয়ে দিন।
পানি ফুটে উঠলে চুলার আঁচ সামান্য কমিয়ে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম আস্তে আস্তে ঢালুন এবং চামচ দিয়ে অনবরত নাড়তে থাকুন, যাতে ডিমটি স্যুপের সাথে চমৎকার রিবনের মতো মিশে যায়।
ডিম সেদ্ধ হয়ে এলে এতে ওটস ও সামান্য লবণ দিন। পানি টকবক করে ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে ঘন ঘন নাড়ুন যাতে ওটস নিচে দলা পাকিয়ে না যায়। মাত্র দুই মিনিটেই ওটস নরম হয়ে স্যুপটি ঘন হয়ে আসবে।
নামানোর আগে আরও একটু মাখন মিশিয়ে নিন। এবার বাটিতে ঢেলে উপর থেকে লেবুর রস, টাটকা ধনেপাতা কুচি এবং গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।
বৃষ্টিভেজা দিন হোক, শীতের সকাল কিংবা অফিসের ক্লান্তিকর দিন শেষে রাতের হালকা ডিনার- এই এক বাটি গরম ও ঝাল ডিম-ওটসের স্যুপ আপনাকে দেবে অনবদ্য আরাম, স্বাদ এবং ভরপুর পুষ্টি। আজই ট্রাই করে দেখছেন তো?
