

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অনেকেরই ধারণা, গরুর মাংস খেলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। কোলেস্টেরলের ভয়ে অনেকে এই মাংস খাওয়া এড়িয়ে চলেন। তবে পুষ্টিবিদদের মতে, গরুর মাংস যেমন কিছু ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে, তেমনি এতে রয়েছে গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ, যা অন্য খাবার থেকে সহজে পাওয়া যায় না।
বিশেষজ্ঞরা বলছেন, গরুর মাংস উপকারী নাকি ক্ষতিকর হবে—তা নির্ভর করে আপনি কতটা পরিমাণে এবং কীভাবে এটি খাচ্ছেন তার ওপর।
গরুর মাংসের পুষ্টিগুণ
গরুর মাংসে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান যেমন—জিঙ্ক, সেলেনিয়াম, ফসফরাস ও আয়রন। এছাড়া ভিটামিন বি২, বি৩, বি৬ ও বি১২ শরীরের জন্য অত্যন্ত উপকারী।
এসব উপাদান শরীরের পেশি, হাড় ও দাঁতের গঠন মজবুত করে, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে, রক্তস্বল্পতা প্রতিরোধ করে এবং শরীরে শক্তি জোগায়। পাশাপাশি এটি স্মৃতিশক্তি বৃদ্ধি ও ক্লান্তি দূর করতেও সহায়ক।
দৈনিক প্রোটিনের চাহিদা
প্রতিদিন একজন মানুষের প্রোটিনের প্রয়োজন তার ওজনের ওপর নির্ভর করে। সাধারণভাবে প্রতি কেজি ওজনের জন্য ১ গ্রাম প্রোটিন প্রয়োজন। যেমন, ৫০ কেজি ওজনের একজন সুস্থ মানুষের দৈনিক প্রায় ৫০ গ্রাম প্রোটিন প্রয়োজন।
তবে কিডনি সমস্যায় আক্রান্তদের ক্ষেত্রে এই পরিমাণ কমে যায়। অন্যদিকে গর্ভবতী বা মাসিককালীন নারীদের ক্ষেত্রে প্রোটিনের চাহিদা বাড়ে।
প্রতি ১০০ গ্রাম গরুর মাংসে প্রায় ২৬ গ্রাম প্রোটিন থাকে। তবে শুধু মাংস থেকেই পুরো প্রোটিন নেওয়া উচিত নয়; বিভিন্ন খাবার মিলিয়ে প্রোটিনের চাহিদা পূরণ করতে হয়।
কতটুকু গরুর মাংস খাওয়া নিরাপদ?
পুষ্টিবিদদের মতে, সপ্তাহে দুই দিন গরুর মাংস খাওয়া নিরাপদ। এই সময় মোট ৩ থেকে ৫ বেলা মাংস খাওয়া যেতে পারে। প্রতি বেলায় ২–৩ টুকরার বেশি না খাওয়াই ভালো।
যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা কিডনি সমস্যা রয়েছে, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাংস খাওয়া উচিত।
কীভাবে খেলে ঝুঁকি কমবে?
গরুর মাংসের ঝুঁকি অনেকটাই কমানো যায় সঠিকভাবে রান্না করলে।
অতিরিক্ত গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি জটিলতার ঝুঁকি বাড়ে। অতিরিক্ত কোলেস্টেরল রক্তনালিতে জমে হৃদরোগের কারণ হতে পারে।
গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লাল মাংস খেলে ক্যান্সার, টাইপ-২ ডায়াবেটিস, স্থূলতা ও হজমজনিত সমস্যার ঝুঁকিও বাড়ে।
গরুর মাংস পুরোপুরি এড়িয়ে চলার প্রয়োজন নেই। বরং পরিমিত পরিমাণে ও সঠিকভাবে রান্না করে খেলে এটি হতে পারে পুষ্টির ভালো উৎস। তবে নিজের শারীরিক অবস্থা অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।
