মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাসির মাংসের গন্ধ দূর করার ৮টি কৌশল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০১:৩৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঈদুল আজহার প্রস্তুতিতে ঘরে ঘরে এখন ব্যস্ততা। কোরবানির পশু হিসেবে গরুর পাশাপাশি খাসির চাহিদাও থাকে প্রচুর। খাসির মাংস দিয়ে কষা, রেজালা, ভুনা, রোস্ট, স্টু বা স্যুপের মতো জিভে জল আনা সব পদ রান্না করা যায়। তবে অনেকের কাছেই খাসির মাংসের একটি বড় সমস্যা হলো এর বিশেষ এক ধরনের গন্ধ, যার কারণে অনেকেই এটি খেতে পারেন না।

গন্ধের মূল কারণ কী?

খাসি বা ছাগলের খাবারের প্রধান উৎস হলো ঘাস ও লতাপাতা। এই ঘাস-পাতায় থাকা ‘ক্লোরোফিল’ থেকেই মূলত মাংসের এই বিশেষ গন্ধটির উৎপত্তি হয়।

সাধারণ কিছু সহজ কৌশল জানা থাকলে মাংসের এই গন্ধ নিমেষেই দূর করা সম্ভব। জেনে নেওয়া যাক খাসির মাংসের গন্ধ তাড়ানোর ৮টি কার্যকরী উপায়:

১. লবণ-পানির ব্যবহার

রান্না শুরু করার অন্তত এক ঘণ্টা আগে মাংসের টুকরোগুলোকে লবণ-পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে রান্না করুন।

২. লেবুর রসের ম্যারিনেশন

মাংস ধুয়ে নেওয়ার পর তাতে কিছুটা লেবুর রস মাখিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এতে মাংসের গন্ধ পুরোপুরি চলে যাবে।

৩. সাদা ভিনেগার বা সিরকা

১ কেজি মাংসের জন্য ৮ কাপ পানিতে ২ টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণে মাংস ২০ মিনিট ডুবিয়ে রাখার পর ভালো করে ধুয়ে রান্না করুন।

৪. অতিরিক্ত চর্বি বাদ দেওয়া

খাসির মাংসের গন্ধের অন্যতম উৎস হলো এর চর্বি। তাই কাটার সময়ই মাংস থেকে অতিরিক্ত চর্বিগুলো কেটে ফেলে দিলে গন্ধ অনেকটাই কমে যায়।

৫. ময়দা মাখিয়ে রাখা

মাংস কাটার পর পরিষ্কার করে নিয়ে কিছুটা ময়দা দিয়ে আধঘণ্টা মেখে রাখুন। এরপর ভালো করে ধুয়ে নিলেই গন্ধ গায়েব হয়ে যাবে।

৬. স্টার মসলার জাদু

খাসির মাংসের কড়া গন্ধ দূর করতে স্টার মসলা বা তারা মৌরি দারুণ কাজ করে। প্রতি ১ কেজি মাংস রান্নার সময় একটি স্টার মসলা ব্যবহার করুন।

৭. দই ও মশলার দীর্ঘ ম্যারিনেশন

মাংসের গন্ধ দূর করার পাশাপাশি স্বাদ বাড়াতে হলুদ, মরিচ, লবণ, গরম মসলা এবং টক দই দিয়ে মাংস ভালো করে মেখে ফ্রিজে রেখে দিন। এভাবে ৮ ঘণ্টা ম্যারিনেট করার পর রান্না করলে কোনো গন্ধই থাকবে না।

৮. স্টেক, স্যুপ বা কাবাবের জন্য বিশেষ টিপস

আপনি যদি খাসির মাংস দিয়ে স্টেক, স্যুপ বা কাবাব বানাতে চান, তবে রান্নার আগে একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিন। সেই ফুটন্ত পানিতে গরম মসলা, সামান্য হলুদ, লবণ এবং শুকনো কমলার খোসা দিয়ে মাংস ১০-১৫ মিনিট হালকা সেদ্ধ করে নিন। এতে মাংসের সব গন্ধ দূর হয়ে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন