

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শহুরে ব্যস্ত জীবনে বাড়ির বাইরে বাগান করার পর্যাপ্ত জায়গা না থাকলেও, ঘরের ভেতরে এক টুকরো সবুজ এনে দিতে পারে ‘ইনডোর প্ল্যান্ট’। এগুলো কেবল ঘরের শোভা বা সৌন্দর্যই বাড়ায় না, বরং ঘরের ভেতরের দূষিত বাতাস শোষণ করে পরিবেশকে রাখে স্বাস্থ্যকর, সতেজ ও পরিচ্ছন্ন।
প্রাকৃতিকভাবে ঘরের বাতাস থেকে ক্ষতিকর বস্তুকণা ফিল্টার করার পাশাপাশি এই গাছগুলো মানুষের শ্বাস-প্রশ্বাসের জটিলতা দূর করে, দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ভালো রাখে এবং মানসিক ক্লান্তি কমিয়ে এনে দেয় প্রশান্তির ঘুম। জেনে নেওয়া যাক এমনই কিছু ইনডোর প্ল্যান্টের কথা। ১. স্পাইডার প্ল্যান্ট (Spider Plant)
স্পাইডার প্ল্যান্ট, যার মাকড়সার পায়ের মতো পাতাগুলো দেখতে আকর্ষণীয়। এটি বাতাস থেকে বেনজিন, ফর্মালডিহাইড এবং কার্বন মনোক্সাইডের মতো ক্ষতিকর ও বিষাক্ত উপাদান শোষণ করে নেয়।
শুধু বাতাস ফিল্টার করাই নয়, ঘরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে পরিবেশকে সতেজ ও স্বাস্থ্যকর রাখতেও এই গাছটি বিশেষ ভূমিকা পালন করে।
‘স্পাইডার প্ল্যান্ট’ ছবি : সংগৃহীত
২.আরেকা পাম (Areca Plam)
সাধারণত ঘরের সৌন্দর্য বাড়ানোর কাজে বহুল ব্যবহৃত এই গাছটির পাতাগুলো দেখতে কিছুটা পাম গাছের পাতার মতো। ঘরে এই গাছটি থাকলে মন সতেজ হয় এবং চমৎকার নির্মল ঘুম আসে। যাদের সাইনাসের সমস্যায় কষ্ট পেতে হয়, তাদের জন্য এটি দারুণ উপকারী; কারণ গাছটি একটি প্রাকৃতিক হিউমিডিফায়ার হিসেবে কাজ করে ঘরের বাতাসের আর্দ্রতা বজায় রাখে এবং আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করে।
তবে গাছটি আকারে মোটামুটি বড় হওয়ায়, এটি রাখার জন্য ঘরের ভেতর কিছুটা বাড়তি জায়গার প্রয়োজন পড়ে।
‘আরেকা পাম’ ছবি : সংগৃহীত
৩.পিস লিলি (Peace Lily)
‘পিস লিলি’ অদ্ভূত সুন্দর সাদা ফুল আর পাম গাছের মতো পাতার মতো দেখতে। ঘরের সৌন্দর্য বাড়াতে এক টুকরো রোদের হাসির মতো কাজ করে। আমেরিকার নিরক্ষীয় চিরহরিৎ বনের আদি বাসিন্দা হওয়ায় এই গাছটি উষ্ণ, আর্দ্র ও আলোছায়াযুক্ত পরিবেশে চমৎকারভাবে বেড়ে ওঠে।
অনেকের কাছে এর পরিচর্যা কিছুটা ঝামেলা মনে হতে পারে, তবে একবার নিয়মগুলো বুঝে গেলে এটি টেকানো খুবই সহজ; কারণ এর জন্য কোনো প্রখর রোদ, অতিরিক্ত পানি কিংবা দামি সারের প্রয়োজন হয় না। ঘরের ভেতরের বাতাস বিশুদ্ধ করতে এটি অসাধারণ ভূমিকা পালন করে।
‘পিস লিলি’ ছবি : সংগৃহীত
৪.ইংলিশ আইভি (English Ivy)
যুক্তরাজ্যে বহুল দৃশ্যমান ‘ইংলিশ আইভি’ ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি ইনডোর প্ল্যান্ট। মাত্র একটি কাটিং থেকেই সহজে গজিয়ে ওঠা এই গাছটির জন্য প্রয়োজন প্রতিদিন নিয়ম করে পানি দেওয়া এবং জানালার কার্নিশের মতো এমন একটি উজ্জ্বল স্থান, যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না।
যাদের অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা রয়েছে, তাদের জন্য এই গাছটি এক আশীর্বাদস্বরূপ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এটি মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে বাতাসের ক্ষতিকর ‘মোল্ড’ বা ছত্রাক প্রায় ৭৮ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে। তবে গাছটির পাতা গৃহপালিত পশুপাখির জন্য বিষাক্ত হওয়ায়, ঘরে কোনো পোষা প্রাণী থাকলে এটিকে অবশ্যই তাদের নাগালের বাইরে নিরাপদ দূরত্বে রাখা উচিত।
‘ইংলিশ আইভি’ ছবি : সংগৃহীত
৫.স্নেক প্ল্যান্ট (Snake Plant)
ইনডোর প্ল্যান্ট হিসেবে ‘স্নেক প্ল্যান্ট’- এর মতো জনপ্রিয় গাছ বোধহয় খুব কমই আছে। মৃদু আলো আর কিছুটা উষ্ণ তাপমাত্রায় চমৎকারভাবে বেড়ে ওঠা এই গাছটির প্রতিদিন পানিরও প্রয়োজন হয় না, ফলে এর রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত সহজ।
শুধু দেখতেই সুন্দর নয়, স্নেক প্ল্যান্ট ঘরের ভেতরের কার্বন-ডাই-অক্সাইড এবং বাতাসের অন্যান্য বিষাক্ত বস্তুকণা দূর করে প্রাকৃতিকভাবে বাতাসকে বিশুদ্ধ ও স্বাস্থ্যকর রাখতে দারুণ কার্যকর ভূমিকা পালন করে।
‘স্নেক প্ল্যান্ট’ ছবি : সংগৃহীত
