বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিশ্ব লিপস্টিক দিবস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

সকালবেলা তড়িঘড়ি করে তৈরি হয়ে বাড়ি থেকে বের হওয়ার ঠিক আগমুহূর্তে আয়নায় চোখ পড়তেই চমকে উঠলেন- পোশাক, ব্যাগ, মোবাইল সবই তো ঠিক আছে, কিন্তু ঠোঁটে লিপস্টিক দিতেই ভুলে গেছেন! আর তাতেই যেন পুরো সাজটাই একদম ফিকে মনে হচ্ছে।

বিভিন্ন জরিপ অনুযায়ী, প্রতি চারজন নারীর মধ্যে অন্তত একজন ঠিক এমনটাই মনে করেন, অর্থাৎ লিপস্টিক ছাড়া বাইরে বের হওয়া মানে সাজ অসম্পূর্ণ থেকে যাওয়া।

লিপস্টিক কেবল ঠোঁট রাঙানোর কোনো সাধারণ প্রসাধনী নয়, এটি অনেকের কাছে নিজের ব্যক্তিত্ব প্রকাশের এবং আত্মবিশ্বাস বাড়ানোর এক অনন্য মাধ্যম।

এমনকি একটি মন খারাপের দিনে পছন্দের রঙের লিপস্টিক ব্যবহার করলে মুহূর্তেই মেজাজ ফুরফুরে হয়ে উঠতে পারে।

এই প্রসাধনীটির প্রতি বিশ্বজুড়ে মানুষের যে টান, তা থেকেই প্রতিবছর ২৯ জুলাই পালিত হয় ‘ন্যাশনাল লিপস্টিক ডে’। দিনটি মূলত যুক্তরাষ্ট্রের হলেও, যেকোনো প্রসাধনপ্রেমী চাইলেই এটি উদযাপন করতে পারেন।

নামকরণ, অর্থনৈতিক প্রভাব ও বাজার পরিসংখ্যান

লিপস্টিক কিনতে গেলে শুধু রঙের বৈচিত্র্যই নয়, এর আকর্ষনীয় নামগুলোও নজর কাড়ে—যেমন ইউনিকর্ন টিয়ার্স, পিংক পিজন, কিংবা ইনটু দ্য ম্যাডনেস! ইতিহাসের পাতায় পৃথিবীর সবচেয়ে দামি লিপস্টিকটির মূল্য ছিল প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার, কারণ সেটিতে রত্ন হিসেবে বসানো হয়েছিল আসল হীরা।

এছাড়া 'ডে’জ অব দ্য ইয়ার'-এর তথ্য মতে, একজন নারী তার জীবদ্দশায় গড়ে প্রায় দেড় হাজার ডলারের বেশি খরচ করেন কেবল লিপস্টিকের পেছনেই।

ঐতিহাসিক বিবর্তন ও সামাজিক দৃষ্টিভঙ্গি

আজকের আধুনিক লিপস্টিকের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছর পুরোনো। প্রাচীনকালে মানুষ গাছের শিকড়, ফলের রস ও মোম দিয়ে ঠোঁট রঙ করত। তবে সমাজ সবসময় একে সহজভাবে নেয়নি।

যেমন- ব্রিটেনের রানি ভিক্টোরিয়া মনে করতেন নারীদের প্রসাধনী ব্যবহার করা অনুচিত। কিন্তু তৎকালীন বিখ্যাত অভিনেত্রী সারা বার্নহার্ট প্রকাশ্যে লিপস্টিক মেখে সেই সামন্তবাদী ও সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।

প্রতিবাদের প্রতীক ও ঐতিহাসিক গুরুত্ব

ইতিহাসের বিভিন্ন সংকটময় মুহূর্তে লিপস্টিক সামাজিক ও রাজনৈতিক প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠেছিল। ১৯১২ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নারী ভোটাধিকার আন্দোলনের সময় অংশগ্রহণকারীরা লাল লিপস্টিক মেখে রাজপথে নেমেছিলেন।

আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল লিপস্টিকের কারখানা ও উৎপাদন বন্ধ করতে দেননি, কারণ তিনি বিশ্বাস করতেন এটি যুদ্ধকালীন সংকটময় সময়ে নাগরিকদের মনোবল চাঙ্গা রাখতে সাহায্য করে।

উদযাপনের আধুনিক রীতি

এই বিশেষ দিবসটি পালন করার জন্য বিশাল কোনো আয়োজনের প্রয়োজন পড়ে না। অনেক দিন ধরে পছন্দ করে রাখা কোনো নতুন শেড- হতে পারে তা ক্লাসিক লাল বা গোলাপি, কিংবা বেগুনি, নীল বা বাদামির মতো আনকমন কোনো রঙ- আজই কিনে ট্রাই করতে পারেন।

আর নতুন কিছু না কিনলেও কোনো সমস্যা নেই, নিজের প্রিয় লিপস্টিকটি ঠোঁটে লাগিয়ে একটি চমৎকার সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাই হতে পারে দিনের সেরা উদযাপন!

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন