বুধবার
১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কান মাতাচ্ছেন আলিয়া, ক্ষুব্ধ ঐশ্বর্য-ভক্তরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৩:১৫ পিএম
ছবি : ঐশ্বর্য রাই বচ্চন ও আলিয়া ভাট। এনপিবি কোলাজ
expand
ছবি : ঐশ্বর্য রাই বচ্চন ও আলিয়া ভাট। এনপিবি কোলাজ

ফরাসি রিভেরার আলো ঝলমলে পরিবেশে আবারও শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল । আর এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে আলিয়া ভাট ও ঐশ্বর্য রাই বচ্চনকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। দুই প্রজন্মের দুই তারকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা, সমালোচনা আর তুলনা।

দীর্ঘ দুই দশক ধরে কান উৎসবের রেড কার্পেটে নিয়মিত উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডের প্রতিনিধি হয়ে ২০০৪ সাল থেকে প্রায় প্রতি বছরই উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন তিনি। কখনও তাঁর ফ্যাশন প্রশংসা কুড়িয়েছে, কখনও সমালোচনার মুখেও পড়েছেন, তবে কান মানেই ঐশ্বর্যের উপস্থিতি, এমন ধারণাই তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে।

তবে এবার চিত্রটা বদলে গেছে। ২০২৫ সালে আন্তর্জাতিক ওই প্রসাধনী ব্র্যান্ডের নতুন বৈশ্বিক মুখ হিসেবে চুক্তিবদ্ধ হন আলিয়া ভাট। সেই সূত্রেই ২০২৬ সালের কান উৎসবে রাজকীয় উপস্থিতি তাঁর। ফরাসি শহর কান-এর বিখ্যাত ‘হোটেল মার্টিনেজ’-এর দেয়ালে যখন ইভা লঙ্গোরিয়া বা হেলেন মিরেনদের পাশে দেখা যায় আলিয়ার বিশাল পোস্টার, তখন সেখানে অনুপস্থিত ছিলেন ঐশ্বর্য। আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।

অনেক ভক্তের দাবি, ঐশ্বর্যের মতো আন্তর্জাতিক আইকনকে সরিয়ে আলিয়াকে সামনে আনা মেনে নিতে পারছেন না তারা। আলিয়ার পোস্টের নিচে অসংখ্য মন্তব্যে কেউ লিখেছেন, “ঐশ্বর্যের জায়গা নেওয়া এত সহজ নয়”, আবার কেউ সরাসরি অভিনেত্রীর উদ্দেশে কটাক্ষও ছুড়ে দিয়েছেন। বিষয়টি আরও আলোচনায় আসে কারণ ২০২৩ সালের মেট গালায় আলিয়াকে দেখে কিছু পশ্চিমা সংবাদমাধ্যম ভুলবশত ঐশ্বর্য বলে উল্লেখ করেছিল। তখন বিষয়টি হাস্যরসের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও, এবার সেটিই যেন নতুন বিতর্কের ইন্ধন জুগিয়েছে।

কানের মঞ্চে এটি আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি হলেও ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রথম আনুষ্ঠানিক পদার্পণ। এত বড় আন্তর্জাতিক অর্জনের মুহূর্তেও ঐশ্বর্য-ভক্তদের ক্ষোভ তাঁর উৎসবের আনন্দে কিছুটা ছায়া ফেলেছে বলেই মনে করছেন অনেকেই। অফ-স্ক্রিন এই তারকাযুদ্ধ এখন কান উৎসবের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন