সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওস্তাদ জাহাঙ্গীর আলমকে গ্যাটজার আজীবন সম্মাননা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

মার্শাল আর্টের প্রশিক্ষক, উপস্থাপক, পরিচালক, গ্র্যান্ডমাস্টার ও চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন উপলক্ষে রাজধানীর রেড অর্কিডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মার্শাল আর্টে দীর্ঘদিনের অবদান ও কর্মময় জীবনের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘আজীবন সম্মাননা’ দিয়েছে গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (গ্যাটজা)।

জন্মদিনের বিশেষ এ আয়োজনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ক্রীড়াঙ্গনে ওস্তাদ জাহাঙ্গীর আলমের অবদানের কথা তুলে ধরে তাঁকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে গ্যাটজার মহাসচিব সালাম মাহমুদ, অর্থ সম্পাদক হাফিজ রহমান ও চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে মার্শাল আর্টকে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ওস্তাদ জাহাঙ্গীর আলমের অবদান গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ ও অনুশীলনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মরক্ষার মানসিকতা গড়ে তুলতে ভূমিকা রেখেছেন।

বক্তারা আরও বলেন, চলচ্চিত্র, টেলিভিশন, ক্রীড়াঙ্গন ও বিভিন্ন ক্লাবের কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে মার্শাল আর্টের চর্চা ছড়িয়ে দিতে কাজ করেছেন তিনি। তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে এজাহিকাফ অ্যাওয়ার্ড, ট্রাব অ্যাওয়ার্ড, সার্ক জার্নালিস্ট অ্যাওয়ার্ড, বিসিআর অ্যাওয়ার্ড ও দৈনিক নবচেতনা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন ওস্তাদ জাহাঙ্গীর আলম। দেশের বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন ও জাতীয় দৈনিকের মাল্টিমিডিয়ায় তাঁর কর্মজীবন ও অবদান নিয়ে সাক্ষাৎকার ও প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

জন্মদিনের আয়োজনে মার্শাল আর্টভিত্তিক চলচ্চিত্রের পরিচিত মুখ চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও নায়িকা রোমানা ইসলাম মুক্তি ছাড়াও বাংলাদেশ কারাতে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রশিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের কারাতে প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। তাঁরা ফুল দিয়ে ওস্তাদ জাহাঙ্গীর আলমকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সহকর্মী, শিষ্য, ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তাঁদের ভালোবাসা ও শুভেচ্ছায় জন্মদিনের আয়োজনটি পরিণত হয় আবেগঘন মিলনমেলায়।

দীর্ঘদিন ধরে মার্শাল আর্টের চর্চা ও প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ওস্তাদ জাহাঙ্গীর আলম। তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান ছিল তাঁর দীর্ঘ কর্মজীবন ও অবদানের প্রতি সহকর্মী, শিষ্য ও শুভাকাঙ্ক্ষীদের সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank