রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে রেহান-রাপ্তির ‘দূরত্ব’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলা গানের শ্রোতাদের জন্য নতুন মৌলিক গান ‘দূরত্ব’ নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী রেহান রাসুল ও অস্ট্রেলিয়াপ্রবাসী কণ্ঠশিল্পী রাপ্তি সারওয়াত। গানটির কথা ও সুর করেছেন রেহান রাসুল নিজেই। সংগীতায়োজনে রয়েছেন তাসনুভ নাওয়াল।

স্বতন্ত্র গায়কী, নিজস্ব সুর ও কথার জন্য রেহান রাসুল ইতোমধ্যেই বাংলাদেশের সংগীতাঙ্গনে পরিচিত একটি নাম। ২০১৮ সালে ‘বাজে স্বভাব’ গানটি ব্যাপকভাবে শ্রোতাদের নজর কাড়ার পর তিনি ধারাবাহিকভাবে প্রকাশ করেছেন ‘রূপকথা’, ‘অচেনা শহর’, ‘অন্যরকম খুন’, ‘High’সহ বেশ কয়েকটি মৌলিক গান।

চলচ্চিত্রের গানেও নিজের স্বতন্ত্র কণ্ঠের পরিচয় দিয়েছেন রেহান। বিশেষ করে আলোচিত চলচ্চিত্র ‘তুফান’-এর জনপ্রিয় গান ‘আসবে আমার দিন’ দেশের মেগাস্টার শাকিব খানের লিপসিঙ্কে পর্দায় উঠে আসে। এ বছর তাঁর গাওয়া ‘মায়াপাখি’ নাটকের ‘মায়াপাখি’ গানটিও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে রাপ্তি সারওয়াত পেশায় একজন চিকিৎসক। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কর্মরত l তিনি রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্সের ফেলো। তবে সংগীতের সঙ্গে তাঁর সম্পর্ক শৈশব থেকেই।

শিশুশিল্পী হিসেবে বাংলাদেশ বেতারে নজরুলসংগীত, দেশাত্মবোধক গান ও পল্লীগীতিতে তালিকাভুক্ত ছিলেন রাপ্তি। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনেও নজরুলসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

সংগীতে তাঁর শিক্ষকদের মধ্যে বিশেষভাবে স্মরণ করেন একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সুধীন দাসকে। নজরুলসংগীতের শুদ্ধ বাণী ও সুর সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সুধীন দাস বিশেষভাবে স্মরণীয়।

তাঁর প্রতিষ্ঠিত সংগীত প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’তেও দীর্ঘদিন সংগীতচর্চা করেছেন রাপ্তি। শৈশব ও কৈশোরের এই প্রাতিষ্ঠানিক সংগীতশিক্ষাই তাঁর গায়কীর ভিত তৈরি করেছে।

দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ায় এসে আবার নিয়মিত সংগীতচর্চায় ফেরেন রাপ্তি। বর্তমানে বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে গান পরিবেশনের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত গান প্রকাশ করছেন।

তাঁর কণ্ঠে ‘বিমূর্ত এই রাতি আমার’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও ‘একা আছি তো কী হয়েছে’সহ বেশ কয়েকটি গান ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তবে ‘দূরত্ব’ তাঁর প্রথম মৌলিক গান, আর সে কারণেই কাজটি তাঁর সংগীতযাত্রায় নতুন একটি অধ্যায়।

‘দূরত্ব’-এর মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন রেহান রাসুল ও রাপ্তি সারওয়াত। দুই শিল্পীর ভিন্ন ধরনের কণ্ঠ ও গায়কীর মেলবন্ধন গানটির অন্যতম আকর্ষণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গানটি প্রসঙ্গে রেহান রাসুল বলেন, “‘দূরত্ব’ গানের লিরিকটা আমার কাছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলা গান ও সুরের একটা কথোপকথন।”

রেহান রাসুলের প্রতিষ্ঠিত সংগীতপরিচয় এবং রাপ্তি সারওয়াতের দীর্ঘদিনের সংগীতচর্চা- দুই শিল্পীর সংগীতযাত্রার এই মেলবন্ধনেই তৈরি হয়েছে ‘দূরত্ব’।

গানটি সামনের মাসের শুরুতে রাপ্তি সারওয়াতের নিজস্ব ইউটিউব চ্যানেল “রাপ্তি সারওয়াত”-এ প্রকাশিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন