রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্ট মুছে দিতে দেবের কড়া বার্তা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম
দেব অধিকারী
expand
দেব অধিকারী

সহশিল্পী ও অগ্রজ তারকা জিতের প্রতি অনন্য এক সম্মান ও সৌজন্য দেখিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন টলিউড সুপারস্টার দেব অধিকারী।

সম্প্রতি জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের আয় ও দর্শকসংখ্যা নিয়ে দেবের প্রায় তিন লাখ অনুসারীর একটি ফ্যান পেজ থেকে কুরুচিপূর্ণ ও নেতিবাচক পোস্ট করা হয়।

বিষয়টি নজরে আসার সাথে সাথেই দেব সরাসরি ওই পেজের কমেন্ট বক্সে গিয়ে তীব্র আপত্তি জানান এবং সব ধরনের নেতিবাচক প্রচারণা বন্ধের নির্দেশ দেন।

সামাজিক মাধ্যমে ট্রোলিংয়ের এই সংস্কৃতি রুখতে দেব কেবল মন্তব্য করেই ক্ষান্ত হননি, নিজের অফিসিয়াল প্রোফাইলেও ফ্যানদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে একটি পোস্ট শেয়ার করেন।

সেখানে তিনি লেখেন, “জিতের বিরুদ্ধে থাকা সমস্ত নেতিবাচক পোস্ট অবিলম্বে ডিলেট করো। জিৎ আমার বড় ভাইয়ের মতো। কটাক্ষ না করে বরং টিকিট কেটে হলে গিয়ে সিনেমা দেখো।”

দেবের এই স্পষ্ট ও কড়া বার্তায় কোনো ধরনের ট্রোলিং না সহ্য করার মানসিকতা পরিষ্কার হয়ে ওঠে।

প্রিয় তারকার নির্দেশ পাওয়ার পরপরই সেই ফ্যান পেজের এডমিনরা জিতের বিরুদ্ধে করা সমস্ত কটূক্তিমূলক ছবি ও তথ্য সরিয়ে ফেলে। একই সাথে নিজেদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে এবং অনুশোচনা জানিয়ে একটি পোস্ট দেয় তারা।

দেবের এমন পরিপক্ক ও সৌহার্দ্যপূর্ণ পদক্ষেপের কারণে পুরো বিষয়টি ভিন্ন মাত্রা পায় এবং ভক্তরাও তাদের ভুল বুঝতে সক্ষম হয়।

টলিউডে দীর্ঘদিন ধরেই দেব ও জিতের অনুরাগীদের মধ্যে সামাজিক মাধ্যমে দ্বন্দ্ব ও কাদা ছোঁড়াছুঁড়ির একটি অনাকাঙ্ক্ষিত সংস্কৃতি গড়ে উঠেছিল। তবে দেবের এই দায়িত্বশীল পদক্ষেপ বিনোদন ইন্ডাস্ট্রিতে এক সুস্থ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার দৃষ্টান্ত স্থাপন করেছে।

সহশিল্পীদের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের এই অনন্য উদাহরণ সামাজিক মাধ্যমে এখন নেটিজেনদের প্রশংসায় ভাসছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন