বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একসময় উচ্চতার জন্য কাজ পেতেন না বলিউডের শাহেনশাহ

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম
অমিতাভ বচ্চন
expand
অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চনকে বলা হয় বলিউডের ‘শাহেনশাহ’ এবং বিশ্বজুড়ে তিনি ‘বিগ বি’ হিসেবে পরিচিত। ব্যতিক্রমী অভিনয়শৈলী, গম্ভীর ব্যারিটোন কণ্ঠ আর সত্তরের দশকের সেই কালজয়ী ‘অ্যাংরি ইয়ংম্যান’ ইমেজ- এই তিনের সমন্বয়ে গত পাঁচ দশক ধরে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় তারকা হিসেবে নিজেকে টিকিয়ে রেখেছেন তিনি।

তবে রূপালী পর্দার এই সাফল্যের পথ সহজ ছিল না; ক্যারিয়ারের শুরুতে তাকে তীব্র অপমান ও প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছিল। অতিরিক্ত শারীরিক উচ্চতা এবং অপ্রচলিত চেহারার কারণে সেটে বসেই শুনতে হতো কটূক্তি। এমনকি সরাসরি বলা হতো, “তুমি বড্ড লম্বা, অভিনয়ের কিছু জানো না, বাড়ি ফিরে যাও!”

জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোরপতি ১৮’-এর একটি পর্বে ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অ্যাথলেটদের সঙ্গে আড্ডার সময় নিজের সেই দুর্দিনের কথা স্মরণ করেন ৮৩ বছর বয়সী এই মেগাস্টার।

অ্যাথলেট অস্মিতা দের এক প্রশ্নের জবাবে তিনি জানান, শুধু চেহারাই নয়, সংলাপ বলা নিয়েও তাকে কড়া সমালোচনার মুখে পড়তে হতো।

এমনকি নিজের গাড়ি না থাকায় অন্য একজনের গাড়িতে করে সেটে পৌঁছাতে দেরি হওয়ায় এক পরিচালক রেগে গিয়ে পুরো শুটিং প্যাক আপ করে তাকে সেট থেকে বের করে দিয়েছিলেন।

সমস্ত অপমানকে নিজের কাজের শক্তিতে রূপান্তর করে সত্তরের দশকে ভারতীয় চলচ্চিত্রে এক নতুন যুগের সূচনা করেন অমিতাভ বচ্চন। জীবনের এই প্রান্তে এসেও তিনি অভিনয়জগতে একইভাবে সক্রিয়।

মেগাস্টার প্রভাসের সঙ্গে বহুল প্রতীক্ষিত সাই-ফাই সিনেমা ‘কাল্কি ২’-তে আবার দেখা যাবে এই প্রবীণ তারকাকে, যা ২০২৭ সালের ডিসেম্বরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank