

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় তারকা জুটি ওমর সানী ও মৌসুমী। পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকের হৃদয় জয় করেছে, তেমনি বাস্তবেও তাদের বন্ধন কোটি ভক্তের জন্য এক ভালোবাসার দৃষ্টান্ত।
আজ এই পথচলার ৩১ বছর পূর্ণ করল এই নন্দিত দম্পতি। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে সুখ-দুঃখ ভাগ করে নিয়ে এক ছাদের নিচে বসবাস করছেন তারা।
বিবাহবার্ষিকীর এই শুভক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে দাম্পত্য সঙ্গী মৌসুমীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন চিত্রনায়ক ওমর সানী।
দুজনের সুন্দর একটি ছবি পোস্ট করে ওমর সানী লেখেন:
‘Happy anniversary মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত, আমীন।’
১৯৯০-এর দশকে 'দোলা' চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় আসেন ওমর সানী ও মৌসুমী। কাজের সূত্র ধরে পরিচয়, অতঃপর প্রেম এবং পরিণয়। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের কোল আলো করে আসে দুই সন্তান- পুত্র ফারদিন এবং কন্যা ফাইজা।
শোবিজ জগতের রঙিন আলো আর নানান চড়াই-উতরাই পেরিয়ে আজও কীভাবে সংসার আগলে রাখা যায়, মৌসুমী ও ওমর সানী তা প্রমাণ করে চলেছেন।
আজকের এই বিশেষ দিনে ওমর সানী-মৌসুমী জুটিকে বিনোদন জগতের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নিরন্তর ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছেন। তাদের এই সুন্দর সম্পর্ক আজীবন যেন এমনই অমলিন থাকে- এমনটাই প্রত্যাশা সবার।