শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বারদো মারা গেছেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বারদো আর নেই। ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পঞ্চাশের দশকে ফরাসি সিনেমায় নতুন ধারা সূচনা করে তিনি বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেন এবং নারীর স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিতি পান।

নিজ দেশে ‘বিবি’ নামে পরিচিত এই অভিনেত্রী ক্যারিয়ারে প্রায় ৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত ১৯৫৬ সালের আলোচিত চলচ্চিত্র ‘অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান’ তাকে আন্তর্জাতিক তারকায় পরিণত করে। তবে ১৯৭৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে চলচ্চিত্র জগৎ থেকে সরে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে নিজেকে পশু কল্যাণে যুক্ত করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, “ফ্রান্স এক শতকের এক কিংবদন্তিকে হারালো।” এ ছাড়া ব্রিজিত বারদো ফাউন্ডেশনও গভীর শোক প্রকাশ করে তাকে বিশ্বখ্যাত অভিনেত্রী ও মানবিক মূল্যবোধের প্রতীক হিসেবে স্মরণ করেছে।

১৯৩৪ সালে প্যারিসে জন্ম নেওয়া ব্রিজিত বারদোর পরিবার চেয়েছিল তিনি ব্যালে নৃত্যশিল্পী হোন। কিশোর বয়সে একটি ম্যাগাজিনের প্রচ্ছদে ছবি প্রকাশের পরই তার অভিনয় জগতে যাত্রা শুরু হয়। রজার ভাদিম পরিচালিত ‘অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান’ সিনেমায় তার অভিনয় তৎকালীন সমাজে আলোড়ন তোলে। ছবিটি যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে নিষিদ্ধ হলেও ফরাসি দার্শনিক সিমোন দ্য বোভোয়া তাকে ‘পরম স্বাধীনতার প্রতীক’ হিসেবে আখ্যা দেন।

এরপর ‘দ্য ট্রুথ’, ‘কনটেম্পট’, ‘ভিভা মারিয়া’সহ একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আইকন হিসেবেও তিনি আলোচিত ছিলেন। তার পোশাক ও সাজসজ্জা একসময় বিশ্বব্যাপী নতুন ট্রেন্ড তৈরি করে।

ব্যক্তিজীবনে তিনি চারবার বিয়ে করেন এবং এক পুত্র সন্তানের মা হন। তবে পরবর্তী জীবনে ইসলাম, সমকামী সম্প্রদায় ও অভিবাসন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। জাতিগত বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে তাকে একাধিকবার জরিমানাও করা হয়।

তবুও পশু কল্যাণে তার অবদান ব্যাপকভাবে স্বীকৃত। ১৯৮৬ সালে তিনি ব্রিজিত বারদো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা বন্য ও গৃহপালিত প্রাণীর সুরক্ষায় কাজ করে যাচ্ছে।

ফরাসি সমাজ ও চলচ্চিত্রে উজ্জ্বল সাফল্যের পাশাপাশি বিতর্কিত মন্তব্যের কারণে তিনি রেখে গেছেন আলোচিত ও জটিল এক উত্তরাধিকার।

সূত্র- বিবিসি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন