সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে শামীমের ‘অ্যাসিড টেস্ট’ বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ডাকসুর সাবেক ভিপি প্রার্থী শামীম হোসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজের পছন্দের একজন পরিশীলিত রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে তার রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ভালো লাগার কথা জানিয়েছেন । একইসঙ্গে তিনি বলেছেন, ‘আগামী তত্ত্বাবধায়ক সরকার মির্জা ফখরুলের জন্য অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে।’

রোববার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শামীম হোসেন এ কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমার পছন্দের একজন পরিশীলিত রাজনীতিবিদ। উনি রাষ্ট্রপতি হচ্ছেন শুনে ভালো লাগল। কিন্তু আগামী তত্ত্বাবধায়ক সরকার উনার জন্য অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘জীবনের সায়াহ্নে সবচেয়ে কঠিন রাজনৈতিক বাস্তবতা উনার সামনে হাজির হবে।’

এর আগে রোববার রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলীয় প্রার্থী নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করেছিল। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত বলে দলীয় সূত্রে জানা গেছে, যদি সংসদে সমর্থনের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো পরিবর্তন না ঘটে।

নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। প্রয়োজন হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে। তবে মির্জা ফখরুলই যদি একমাত্র বৈধ প্রার্থী হন, তাহলে সংসদে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদ শূন্য হয়। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়।

মির্জা ফখরুল বঙ্গভবনে গেলে বিএনপির অভ্যন্তরে গত এক দশকের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সাংগঠনিক পদও প্রথমবারের মতো শূন্য হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন