বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে জয়লাভ করার পর বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬-উভয় আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তবে আইন অনুযায়ী একজন প্রার্থী একাধিক আসনে নির্বাচিত হলেও শেষ পর্যন্ত একটি আসনই ধরে রাখতে পারেন।

প্রযোজ্য আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারলেও গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে তাকে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে হয় কোন আসনটি তিনি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে কমিশন অবশিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করতে পারে।

ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফলে তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী এস এম খালিদুজ্জামান পান ৬৮ হাজার ৩০০ ভোট। এ আসনে তিনি ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি ভোট পড়ে, যার মধ্যে বৈধ ভোট ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।

অন্যদিকে বগুড়া-৬ আসনের ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হলে সেখানে পরবর্তীতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup