বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের লাইনে হিন্দু নারীদের সরব উপস্থিতি

সাইফুল্লাহ আমান
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
একজন নারী ভোটার
expand
একজন নারী ভোটার

মনিপুর বালক উচ্চবিদ্যালয়ে নারী ভোটকেন্দ্রে দীর্ঘ সারি। চোখ পড়লো একসাথে একই পরিবারের ৬ জন সনাতনী হিন্দু সম্প্রদায়ের নারীকে।

তারা একে অপরের আত্মীয় বলে জানান। হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা এবার ভোট বর্জন করবেন বলে যে আশঙ্কা ছিল তা অমূলক বলেও জানান তারা।

আজ বেলা ১২টায় দেখা যায়, মনিপুর বালক উচ্চবিদ্যালয় ঢাকা-১৫ এর ২৩ নাম্বার কেন্দ্রে নারীদের দীর্ঘ সারি।

এখানে ভোট দিতে এসেছেন বৃদ্ধা একাদশী রানী। তিনি ভোট দিতে এসেছেন। সঙ্গে নিয়ে এসেছেন দুই ছেলের বউ, মেয়ে ও দুই নাতনিকে সাথে নিয়ে।

সাথে ছিলেন নাতনির সন্তান। তারা সবাই থাকেন মিরপুর ৬০ ফিট এলাকায়। একাদশী রানীর স্বামী, ছেলেরা ভোট দিয়েছেন একই স্কুলের পুরুষদের জন্য করা কেন্দ্রে।

এক পরিবারে ১৩ ভোট জানিয়ে একাদশী রানী এনপিবি নিউজকে বলেন, 'আমাদের পরিবারের সবাই এসেছি ভোট দিতে। আমরা একটু পরে এসেছি। ঘরের কাজ করে রেখে তারপরে মেয়ে, বউদের নিয়ে এসেছি ভোট দিতে। এতদিন পরে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, ভালো লাগছে।'

ভোটের পরিবেশ কেমন জানতে চাইলে তিনি বলেন, 'পরিবেশ ভালো। কোনো সমস্যা দেখিনি। এখানে ভোটারদের সাহায্য করছে এজেন্টরা। ভোট দিতে কোনো বাধা দেয়নি কেউ।'

কয়টি ভোট দিয়েছেন জানতে চাইলে তিনি দুইটি ভোটের কথা জানান। কাকে ভোট দিয়েছেন সেইটা বলবেন না জানিয়ে তিনি বলেন, ভোট দেওয়া শেষ হলে বাসায় চলে যাবো।

এই কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

দেখা গেছে, নারীদের দীর্ঘ লাইন থাকলেও পুরুষদের কেন্দ্রে একজন দুইজন করে আসছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন। গেটে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক মহিনুর ইসলাম এনপিবি নিউজকে বলেন, 'এই কেন্দ্রে কোনো সমস্যা নেই। সবাই শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করছেন। দলীয় এজেন্টরাও কোনো সমস্যা বা হট্টগোল করছেন না।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন