

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে আজ। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। শুরু থেকেই বোঝা যাচ্ছে, এবার লড়াই বেশ হাড্ডাহাড্ডি এবং শেষ পর্যন্ত ফল কোন দিকে যাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি উভয় দলই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে বুথফেরত জরিপগুলো একক কোনো চিত্র দেয়নি। অধিকাংশ জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হলেও তৃণমূলের জয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায়না। এছাড়া চূড়ান্ত ফলাফলের ওপরই নির্ভর করছে রাজনৈতিক সমীকরণ।
মোট ২৯৩টি আসনের ভোট গণনা হচ্ছে ৭৭টি কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
নিয়ম অনুযায়ী প্রথমে ডাকযোগে (পোস্টাল ব্যালট) দেওয়া ভোট গণনা করা হচ্ছে। এরপর ধাপে ধাপে খোলা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। দুপুর ১২টার মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যাবে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।
ভোটগ্রহণ শেষে ব্যালট ও ইভিএমগুলো কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রং রুমে সংরক্ষণ করা হয়েছিল। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নজরদারি রাখা হয়। ইভিএম নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল তৃণমূল নেতৃত্ব।
গণনাকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনুমোদিত প্রতিনিধিদের কিউআর কোডযুক্ত পরিচয়পত্র দেওয়া হয়েছে। মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা রয়েছে, শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য সীমিত অনুমতি রয়েছে।
এবারের নির্বাচনে কয়েকটি আসন বিশেষভাবে আলোচনায় রয়েছে। ভবানীপুরে মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ আসনের ফলাফলের দিকেও নজর রয়েছে।
পাশাপাশি বাম প্রার্থীদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায় ও সায়নদ্বীপ মিত্র; কংগ্রে্স প্রার্থীদের মধ্যে অধীর চৌধুরী, মৌসুম বেনজীর নূর, শুভংকর সরকার, মনোজ চক্রবর্তী, শাহনাজ বেগম ও আবদুর রাজ্জাক মোল্লা এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) নওশাদ সিদ্দিকী কেমন ফল করছেন— তা নিয়ে আগ্রহ থাকবে সবার।
উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনে ভোট হয়। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট নেওয়া হয় ১৬ জেলার ১৫২ আসনে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হয় কলকাতাসহ ৭ জেলার ১৪২টি আসনে।
মন্তব্য করুন
