

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই দেশের ৫৯টি জেলায় অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনের পরীক্ষা। প্রতিকূল আবহাওয়ার কারণে এদিন পরীক্ষায় অংশ নিতে পারেননি ১৯ হাজার ৫৯২ জন শিক্ষার্থী। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের অভিযোগে বিভিন্ন বোর্ডে ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। অনেক এলাকায় রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কোথাও কোমরসমান পানি পেরিয়ে, আবার কোথাও নৌকা, ভ্যান বা বিকল্প যানবাহনে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেখা গেছে শিক্ষার্থীদের। এর প্রভাব পড়ে পরীক্ষার্থীদের উপস্থিতিতে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এদিন আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং হিসাববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বোর্ডে নিবন্ধিত ৪ লাখ ৫৩ হাজার ৫০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৪১ হাজার ৭৭৪ জন। অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৭২৯ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৭৫ হাজার ৯৩ জন শিক্ষার্থীর। এর মধ্যে উপস্থিত ছিলেন ৬৯ হাজার ৯২৩ জন এবং অনুপস্থিত ছিলেন ৫ হাজার ১৭০ জন।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষায় ৮৬ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮৩ হাজার ৪৫০ জন। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৬৯৩ জন।
ষষ্ঠ দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে বহিষ্কারের সংখ্যা ১৬। সাধারণ বোর্ডগুলোর মধ্যে রাজশাহী ও ময়মনসিংহ বোর্ডে চারজন করে পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। ঢাকা বোর্ডে দুজন এবং অন্যান্য কয়েকটি বোর্ডেও বহিষ্কারের ঘটনা ঘটেছে। তবে কুমিল্লা বোর্ডে এদিন কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হননি।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে আটজন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাঁচজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কার করা হয়েছে।