

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ে মেধার অবমূল্যায়ন করে দলীয় পরিচয়ে ভিসি পদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তার অভিযোগ, দলীয় এজেন্ডা বাস্তবায়ন ও রাজনৈতিক আনুগত্যের কারণে তাদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
এ সময় ছাত্রশিবির সভাপতি বলেন, ‘১৮টি বিশ্ববিদ্যালয়ে ভিসি আমরা খুঁজে পেলাম, যাদের একটা ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করার যোগ্যতাও হয়নি, অথবা ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেনি, ডাইরেক্ট বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়েছেন। শুধুমাত্র দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়ন করা এবং দলের সাথে থাকা, তাদের সাথে থেকেই এ পদগুলো তারা পেয়েছেন। এগুলো মেধার চূড়ান্ত অবমূল্যায়ন।’
এ সময় ক্যাম্পাসগুলোতে র্যাগিং, সিট দখল এবং ভর্তি বাণিজ্য বন্ধ করে সেগুলোকে আদর্শ ও নৈতিকতার ‘মার্কেট প্লেস’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান সাদ্দাম হোসেন। জুলাই-পরবর্তী বাংলাদেশে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তনের ওপর জোর দেন তিনি।
সিটি করপোরেশনগুলোর প্রশাসক নিয়োগের প্রসঙ্গ টেনে শিবির সভাপতি বলেন, ‘প্রতিটি সিটি করপোরেশনে তাদের হেরে যাওয়া প্রার্থীকে পুনর্বাসন করা হয়েছে। যারা এখন নির্বাচিত হয়েছে, তাঁরা তাঁদের ওপর ছুরি ঘোরাচ্ছে। এভাবে একটি দেশকে অন্ধ দলীয়করণের মধ্যে ফেলে দেওয়া কখনোই সুখকর নয়।’
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কার ও সরকারি নিয়োগে দলীয়করণের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘সামনে আমরা পিএসসির ক্ষেত্রেও দলীয়করণের একটা প্রক্রিয়ার গুঞ্জন শুনতে পাচ্ছি। এক্ষেত্রে সরকারকে বলব, যুবসমাজকে যেন আপনারা আর ক্ষেপিয়ে না দেন।’
তিনি আরও বলেন, ‘পিএসসি সংস্কার এবং সরকারি নিয়োগে যথাযথ মূল্যায়ন যাতে হয়, এটা ছিল শিক্ষার্থীদের প্রাণের দাবি। এই দাবিতেই শিক্ষার্থীরা রাজপথে নেমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। সুতরাং সেই জায়গায় যদি আবারও দলীয়করণ করা হয়, লিস্ট নিয়ে যদি বিসিএসে পাস করানো হয়, তাহলে আমরা সজাগ আছি। রাজপথে থেকে শিক্ষার্থীদের নিয়ে আমরা মোকাবিলা করব, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, ‘রাজনীতি এখন অনেকের কাছে ওয়ান কাইন্ড অব বিজনেস বা এক ধরণের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। জুলাই-পরবর্তী বাংলাদেশে এই ধরনের চেতনা আর চলবে না। এখন ছাত্রদের কাছে যেতে হবে আইডিওলজি, থিম এবং নতুনত্ব নিয়ে।’
অনুষ্ঠানে নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আতিয়ার রহমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তাফহিমুল ইসলাম মারুফ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার।
শিক্ষার্থীদের বরণ করতে ‘ফ্রেশার্স রিসেপশন ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থীকে কোরআন শরিফ উপহার দেওয়া হয়। এ ছাড়া বই, কলম, ফুলসহ অন্যান্য উপহারও দেওয়া হয়।


