

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রমজানের রোজায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষার ব্যস্ততা থেকে মুক্ত হয়ে শিক্ষার্থীরা নাড়ীর টানে ফিরে আসেন আপন ঠিকানায় নিজ গ্রামের বাড়িতে। এই ফিরে আসা শুধু স্থান পরিবর্তন নয়, বরং আবেগ, ভালোবাসা আর শিকড়ে ফেরার অনুভূতিকে তুলে ধরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
ঈদ মানে তো খুশি। ঈদের আনন্দ হওয়ার কথা ছিল স্বতঃস্ফূর্ত। কিন্তু অনেক ক্ষেত্রেই সে আনন্দ কিনে নিতে হচ্ছে অর্থ,কষ্ট আর শ্রমের দামে। ঈদ আসলেই বেড়ে যাচ্ছে বাস-ট্রেনের টিকিটের দাম; গাঁয়ে ফেরার আনন্দ হয়ে যাচ্ছে ম্লান। কখনও আবার আনন্দ পরিণত হচ্ছে শোকে। সড়কপথে ঝরে যাচ্ছে প্রাণ। রেলপথ ও নৌপথেও ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা।
ঈদের সেই আগের আমেজ নেই গ্রামেও।চানরাতে কেউ আর হৈ-হুল্লোড় করে চাঁদ দেখে না। কাগজের দূরবীন বানিয়ে চাঁদ দেখার বৃথা চেষ্টা করে না শিশুরাও। ঈদের দিন ঘটা করে প্রতিবেশীদের বাড়িতে বেড়াতে যাওয়ার প্রচলনও বেশ কমে গেছে।
শেকড়ে ফেরার আনন্দ নেমে আসুক সবার জীবনে। নাড়ির টানে শহর ছেড়ে বেরিয়ে পড়া মানুষ নিরাপদে ফিরুক আপন গন্তব্যে। ঈদের আমেজে রেঙে উঠুক সারাটা দেশ।
আসাদুজ্জামান বাংলা বিভাগ, ১৮তম আবর্তন।
আমার কাছে ঈদ মানে কেবল ক্যালেন্ডারের একটি লাল তারিখ নয়, বরং নাগরিক ব্যস্ততার মাঝে এক পশলা সতেজ নিশ্বাস। ঢাকার যান্ত্রিক জীবন ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ কাটানো ভাবতেই আনন্দ লাগছে। পরিবার-পরিজন-আত্মীয় -স্বজন এসবের সমন্বয়ে ঈদ যেন এক আনন্দের মিলনমেলা। সেমাই খাওয়া থেকে শুরু তৈরি হয়ে সালামি তোলা ঘুরতে যাওয়া। কেবল নিজের একা উদযাপনে নয়, শেয়ারিং এবং কানেক্টিভিটির মাঝে আমার ঈদ আনন্দ। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে নিজের শেকড়কে খুঁজে পাওয়ার এক অনন্য মাধ্যমই হলো আমার এই ঈদ ভাবনা। এই ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সকল শ্রেণি-পেশা-বর্ণ-গোত্র-ধর্মের মধ্যে।
সাদিয়া ইসলাম কাশফিয়া বাংলা বিভাগ, ১৯ তম আবর্তন।
ঈদ মানে শুধু উৎসব নয়, এটি ভালোবাসা, আনন্দ আর নতুন স্বপ্নের এক অপূর্ব মিলন। ঈদের চাঁদ দেখা মানেই হৃদয়ে জাগে এক অদ্ভুত উচ্ছ্বাস, যা পূর্বের সব দুঃখ-কষ্ট ভুলিয়ে দেয়। নতুন পোশাকের সাথে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুখ। ঈদের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ভাগাভাগি করার মধ্যে। নিজেদের সাথে কিংবা গরিব-দুঃখীদের সঙ্গেও ভাগ করে নেই। সকল হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা আর মানবিকতার বন্ধনে আবদ্ধ হই আমরা। এই ঈদ হোক শান্তি, সহমর্মিতা ও নতুন সম্ভাবনার বার্তা যেখানে প্রতিটি তরুণ নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস পায়।
পলি আক্তার সংগীত বিভাগ,১৯ তম আবর্তন।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার শেষে ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে। সিয়াম যেমন আমাদের ত্যাগ তিতিক্ষার শিক্ষা দেয় তেমনি ঈদ এই আনন্দকে সকলের মধ্যে ভাগ করে নেওয়ার মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আমরা ঈদের এই আনন্দঘন মূহুর্তে পাড়া-প্রতিবেশী, আত্নীয়-স্বজন সকালের খোঁজ খবর নিব এবং সেই সাথে ঈদের আনন্দ ভাগ করে নিব।
মো: শাহিন ইসলাম বাংলা বিভাগ, ১৯ তম আবর্তন।
মুসলিমদের অন্যতম প্রধান দুটি উৎসবের মধ্য ঈদুল ফিতর একটি। তবু মনে হয় ঈদের আনন্দ যেন সেই ছোটবেলার সময়টুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। সময়ের সাথে সাথে ঈদ বদলে যায়। নিয়ে আসে দায়িত্ব,বাড়ি ফেরার তাড়া, অনাকাঙ্ক্ষিত ঘটনা। এসব কিছু ছেড়ে আমরা ফিরে যেতে চাই শৈশবের ঈদের আনন্দে। কিন্তু সত্যিই কি সেখানে ফিরে যাওয়ার কোনো উপায় আছে! হয়তো বড় হয়ে যাওয়াটাই আমাদের সবচেয়ে বড় দূরত্ব ।
রাবেয়া সুলতানা রিতু, ১৯ তম আবর্তন, দর্শন বিভাগ।
মন্তব্য করুন