শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে পাঁচ সিনেমা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৩:২০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঈদকে কেন্দ্র করে ঢালিউড এবারও নতুন সিনেমার ঝড় উঠেছে। প্রতি বছরের মতো এবারও ঈদ উৎসবে সিনেমা মুক্তি সিনেমাপ্রেমীদের আনন্দ দ্বিগুণ করছে। শুরুতে ১৫টির বেশি সিনেমার নাম আলোচনায় থাকলেও রমজানের শেষ মুহূর্তে সেই তালিকা কিছুটা সংকুচিত হয়ে পাঁচটি সিনেমার দিকে সীমাবদ্ধ হয়েছে।

ঈদুল ফিতরে মুক্তির দৌড়ে রয়েছে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ এবং ‘প্রেশার কুকার’।

ইতোমধ্যেই এই সিনেমাগুলো ঘিরে শুরু হয়েছে দর্শক ও সংবাদমাধ্যমের কৌতূহল। সিনেমাগুলোর ‘ট্রেইলার’ প্রকাশের পর এনিয়ে দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে।

প্রিন্স:

এবারের ঈদেও যথারীতি থাকছে শাকিব খানের দাপট। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা দিয়ে ফিরছেন তিনি। সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদ। গ্যাংস্টার ঘরানার গল্প এবং শাকিব খানের নতুন লুক নিয়ে ইতিমধ্যেই আলোচনায় এসেছে সিনেমাটি। বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ।

প্রেশার কুকার:

এবার ঈদে দর্শকের সামনে আসছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। সম্প্রতি প্রকাশিত দেড় মিনিটের ঝলক, যা তিনি ‘প্রথম বাঁশি’ হিসেবে উল্লেখ করেছেন, দর্শককে সিনেমার রহস্য, সংকট এবং চার নারীর চরিত্রের টানাপোড়েনের সঙ্গে পরিচয় করাচ্ছে। অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

দম:

দীর্ঘদিন ধরে কাজ চলছে ‘দম’ সিনেমার। পোস্টার ও ঝলকচিত্র প্রকাশের পর দেখা গেছে সিনেমার গল্পে উদ্বেগ, নির্যাতন এবং সংগ্রামের প্রতিফলন। আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে কেন্দ্র করে সিনেমার মূল গল্প গড়ে উঠেছে। সিনেমাটির ট্রেইলারে আফরান নিশোর সংলাপ, ‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো’ দর্শকের মনকে আকর্ষণ করছে।

বনলতা এক্সপ্রেস:

‘উৎসব’-খ্যাত নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় রহস্য ও মায়াবী আবহের মিশ্রণ পাওয়া যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত গান ‘চাইতেই পারো’, যা জনপ্রিয় ব্যান্ড অর্থহীন’র গান, দর্শকের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা ও শামীমা নাজনীনসহ আরও অনেকে।

রাক্ষস:

নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমায় নায়ক সিয়াম আহমেদের সঙ্গে রয়েছে পাগলাটে প্রেম ও পারিবারিক টানাপোড়েনের গল্প। নির্মাতা জানিয়েছেন, ‘বরবাদ’ সিনেমার তুলনায় এতে তিনগুণ বেশি সহিংসতা থাকবে। সিনেমার বড় অংশ শুটিং হয়েছে শ্রীলঙ্কায় এবং ঢাকাতেও। ঝলকচিত্র, পোস্টার ও গান ধাপে ধাপে প্রকাশ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন