

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে তিন দিনব্যাপী ৮ম আন্তর্জাতিক কনফারেন্স (আইসিসিইএসডি ২০২৬)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কনফারেন্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘টেকসই উন্নয়নের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কনফারেন্সটি আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্সের চেয়ার ও কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী হামিদুল বারী।
এছাড়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. বদরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী উদ্ভাবন অত্যন্ত জরুরি। এই ধরণের আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশের প্রকৌশলীদের বৈশ্বিক মানদন্ডে উন্নীত হতে সাহায্য করবে।’
বিশেষ অতিথির বক্তব্যে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী দেশের অবকাঠামোগত উন্নয়নে আধুনিক গবেষণার প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিন দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী এবং পরিকল্পনাবিদগণ অংশগ্রহণ করছেন।
উক্ত কনফারেন্সে টেকসই অবকাঠামো নির্মাণ, পরিবেশের ভারসাম্য বজায় রেখে টেকসই স্থাপনা তৈরি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, উপকূলীয় অঞ্চলের অবকাঠামোগত সুরক্ষা করে বর্জ্য ও পানি ব্যবস্থাপনা, স্মার্ট সিটির পরিকল্পনা ও নিরাপদ পানি সরবরাহ, উন্নত পরিবহন ব্যবস্থা, যানজট নিরসন ও আধুনিক সড়ক যোগাযোগ অবকাঠামো বিষয়ে প্রবন্ধ সমূহ উপস্থাপন করা হবে।
কনফারেন্সে কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিবৃন্দ উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন। আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলনের সমাপ্তি ঘটবে, এবং সেরা গবেষণাপত্র প্রদানকারী গবেষকদের পুরস্কৃত করা হবে।
মন্তব্য করুন
