বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীত-নাট্যকলাসহ প্রাথমিকে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৪:২১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন চারটি বিষয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন প্রাথমিক শিক্ষায় নাট্যকলা, সংগীত, নৃত্যকলা এবং চারু ও কারুকলা বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার (১০ জুন) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘শিল্প ও সংস্কৃতি’ নামে নতুন পাঠ্যবই চালু করা হবে। বইটির চারটি অধ্যায়ে চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা ও নাট্যকলা অন্তর্ভুক্ত থাকবে।

এর পরের বছর অর্থাৎ ২০২৮ সালে নতুন কারিকুলামের আওতায় এই বিষয়গুলোকে প্রাথমিক শিক্ষার পূর্ণাঙ্গ অংশ হিসেবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিল্প, সংস্কৃতি ও ক্রীড়াভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিপুলসংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে বএলও জানান তিনি। পৃতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে এই খাতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনা রয়েছে। সংগীত, নৃত্যকলা, চারুকলা ও নাট্যকলা বিষয়ে ডিগ্রিধারী তরুণ-তরুণীদের জন্য এটি একটি দারুণ সুযোগ হিসেবে বিবেচিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগের সুযোগ তৈরি করতে তাদের পাঠ্যক্রমে শিক্ষকতা-সংক্রান্ত প্রশিক্ষণ বা প্রস্তুতিমূলক মডিউল যুক্ত করার বিষয়ে সরকার কাজ করছে।

সরকারের এমন সিদ্ধান্তের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং দেশের শিক্ষাব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা বিশেষজ্ঞদের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন