বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

উদ্বোধনে ২ মাসেও মিলেনি খাবার, চরম ভোগান্তিতে নোবিপ্রবির শিক্ষার্থীরা

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম
নোবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া
expand
নোবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর গত ০৫ ফেব্রুয়ারি তড়িঘড়ি করে উদ্বোধন করা হলেও দুই মাস পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি খাবার পরিবেশন।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী।

এর আগে ‘দুই মাসের প্রতিশ্রুতি, নয় মাসেও চালু হয়নি কেন্দ্রীয় ক্যাফেটরিয়া ’ শিরোনামে সংবাদ প্রকাশের পরপরই দ্রুত উদ্বোধন করা হয় ক্যাফেটেরিয়াটি।

তবে উদ্বোধনের দিন চেয়ার-টেবিল ছাড়া ভেতরে খাবার প্রস্তুত বা বিক্রির কোনো কার্যক্রম দেখা যায়নি। এরপর কেটে গেছে আরও দুই মাস, কিন্তু বাস্তবে এখনো শুরু হয়নি খাবার সরবরাহ।

ক্যাফেটেরিয়া চালু না থাকায় শিক্ষার্থীদের বাধ্য হয়ে ক্যাম্পাসের টং দোকান ও বাইরের হোটেলের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে যেমন বাড়ছে অতিরিক্ত ব্যয়, তেমনি স্বাস্থ্যসম্মত খাবার নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। পাশাপাশি অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগও তুলেছেন শিক্ষার্থীরা।

উদ্বেগ প্রকাশ করে শিক্ষা বিভাগের শিক্ষার্থী বিল্লাল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর হঠাৎ উদ্বোধন হলেও বাস্তবে কোনো সেবা চালু হয়নি।

আমরা ভেবেছিলাম অন্তত উদ্বোধনের পরপরই খাবার পাওয়া যাবে, কিন্তু দুই মাস পার হয়ে গেলেও কিছুই শুরু হয়নি। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সমাজবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, ক্যাফেটেরিয়া নিয়ে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। কিন্তু যেভাবে বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তাতে আমরা হতাশ। উদ্বোধনের দিনই বোঝা গিয়েছিল এটি শুধুই আনুষ্ঠানিকতা। এরপরও কোনো পরিবর্তন হয়নি।

ক্লাস-পরীক্ষার ব্যস্ততার মধ্যে বাইরে গিয়ে খাবার খাওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় ঠিকমতো খেতেও পারি না। তাছাড়া বাইরের খাবারের দামও আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে।

এদিকে ক্যাফেটেরিয়ার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘মায়া ক্যাটারিং’-এর ম্যানেজার রাকিব হোসেন জানান, প্রশাসন টেন্ডার অনুযায়ী সব আসবাবপত্র বুঝিয়ে দেয়নি।

এছাড়া গ্যাসের লাইনে চাপ কম থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না। বিষয়গুলো প্রশাসনকে জানানো হয়েছে। সমস্যা সমাধান হলে ২/১ দিনের মধ্যেই খাবার বিক্রি শুরু করা সম্ভব হবে।

এ বিষয়ে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, ঈদের ছুটির পর ক্যাফেটেরিয়া বন্ধ রয়েছে বিষয়টি আমার জানা ছিল না। আজ বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে।

প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত ক্যাফেটেরিয়া চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বে দুই মাসের মধ্যে ক্যাফেটেরিয়া চালুর প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ সময় পার হওয়ার পরও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। দ্রুত ক্যাফেটেরিয়া চালু করে তাদের ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন