

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকা থেকে দুটি হাতবোমাসহ জুয়েল ভুঁইয়া ওরফে ‘ওস্তাদ’ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া এক ‘সন্ত্রাসী’ এবং নব্য জেএমবির বোমা তৈরির সঙ্গে জড়িত নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুনের’ ঘনিষ্ঠ সহযোগী।
রোববার (১৬ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে সারুলিয়া এলাকায় অভিযান চালায় অ্যান্টিটেরোরিজম ইউনিট (এটিইউ) ও ডেমরা থানা পুলিশ। এ সময় জুয়েলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে পরে জানানো হয়, উদ্ধার করা বস্তু দুটি হাতবোমা। এগুলো নিষ্ক্রিয় করতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। দলটি ঘটনাস্থলে গিয়ে বোমা দুটি নিষ্ক্রিয় করে।
ঘটনাস্থলে থাকা সিটিটিসির এক কর্মকর্তা জানান, কিছুদিন আগে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার সঙ্গে জুয়েলের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে আটক করা হয়।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খন্দকার জানান, বিকেল ৫টায় তারা জুয়েলের আটকের খবর পান। এরপর বোমাসদৃশ বস্তু দুটির বিষয়ে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দলকে জানানো হয়।
পুলিশের দাবি, আটক জুয়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


