সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পে স্কেলের চূড়ান্ত ঘোষণার আগে বড় আপডেট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল ঘোষণার পথে সরকার। মন্ত্রিসভার অনুমোদন মিললেই যেকোনো সময় আসতে পারে বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক ঘোষণা।

এরই মধ্যে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ এবং বেতন-ভাতা দুই ধাপে কার্যকরের পরিকল্পনার তথ্য সামনে এসেছে। ফলে চূড়ান্ত ঘোষণার আগে নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে নবম জাতীয় পে স্কেল নিয়ে এসব তথ্য জানানো হয়।

ই-বুকের তথ্য অনুযায়ী, ১ম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থাৎ নতুন বেতন কাঠামোয় বিদ্যমান মূল বেতনের তুলনায় সর্বোচ্চ দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে।

তবে এই বেতন-ভাতা একসঙ্গে কার্যকর করার পরিবর্তে দুই ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছরে নতুন মূল বেতন কার্যকর হতে পারে। পরের বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির সুবিধা কার্যকর করার প্রস্তাব রয়েছে।

পে স্কেল নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো, সুপারিশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ই-বুকে বলা হয়েছে, সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। ফলে এখন সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার দিকেই নজর সরকারি চাকরিজীবীদের।

এদিকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও অবসর-সুবিধার জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে। বেতন-ভাতা খাতে ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানান, চলতি বছরেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে। তবে এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পে কমিশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, পে কমিশনের অনেকগুলো দিক রয়েছে এবং সবগুলো বিবেচনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আরও আলোচনা শেষে সরকার সিদ্ধান্ত জানাবে।

সব মিলিয়ে, চূড়ান্ত ঘোষণা আসার আগেই নবম পে স্কেলের সম্ভাব্য কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। এখন সরকারি চাকরিজীবীদের অপেক্ষা সরকারের আনুষ্ঠানিক ঘোষণার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank