শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিন সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ গ্রেফতার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১২:৪৩ পিএম
গ্রেফতারকৃতরা।
expand
গ্রেফতারকৃতরা।

রাজধানীর ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র ও মাদকের গডফাদার ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে ‘অটো সজল’ (৩১) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অন্য তিনজন হলেন— মো. বাপ্পী (২৮), মো. হানিফ (৪০) ও মোছা. শামসুন্নাহার (৪৫)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মার্চ মাদক উদ্ধার ও অপরাধী গ্রেফতারের জন্য পরিচালিত একটি বিশেষ অভিযান চলাকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শককে পায়ে গুলি করে ৩/৪ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী পালিয়ে যায়। ওই ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের একপর্যায়ে ওয়ারী থানা পুলিশ প্রথমে তিনজনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ৩টি অস্ত্র উদ্ধার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃতরা আদালতে কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তাদের জবানবন্দিতে বেরিয়ে আসে যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রটি সরবরাহ করেছিল ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী ও মাদক গডফাদার অটো সজল। এর পর থেকেই তাকে গ্রেফতারের জন্য পুলিশের ধারাবাহিক অভিযান শুরু হয়।

ডিএমপি জানায়, গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী অটো সজলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় আগের ১১টি মামলা রয়েছে।

গ্রেফতারের পর সজলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে, গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় তার একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক মজুত রয়েছে।

পুলিশ জানায়, সজলের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে স্বামীবাগের ওই বাসায় অভিযান চালায় যাত্রাবাড়ী থানা পুলিশ। সেখান থেকে সজলের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। এবং ০২ টি 'TAURUS' ব্র্যান্ডের পিস্তল, ০৪ টি ম্যাগাজিন ও ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম 'মেডি', মাদক বিক্রির নগদ ২২ হাজার ৯৬০ টাকা, অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Scotland VS Morocco
45'+2'
0 - 1
2' Ismael Saibari
World Cup