সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৯:১৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবার (১৩ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এদিন ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৪ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৩৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ২১ ডলার বা ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৬২ ডলারে ওঠে।

যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালানোর পর ইরান কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও হামলার পরিধি বাড়িয়েছে। হরমুজ প্রণালি ঘিরে চলমান সংঘাতকে কেন্দ্র করে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার এ ধারাবাহিকতায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে এর আগে ইরান ঘোষণা দেয়, অনুমোদনহীন পথে চলাচলকারী একটি জাহাজে হামলার পর তারা প্রণালিটি বন্ধ করে দিয়েছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ক্লেপলারের তথ্য অনুযায়ী, রোববার হরমুজ প্রণালি দিয়ে মাত্র ছয়টি জাহাজ চলাচল করেছে। গত পাঁচ সপ্তাহের মধ্যে এটি সর্বনিম্ন।

সাম্প্রতিক এই উত্তেজনায় গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরানের অন্তর্বর্তী চুক্তির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই চুক্তির লক্ষ্য ছিল হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত রাখা এবং ৬০ দিনের আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানো।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার প্রকাশিত মাসিক প্রতিবেদনে জানায়, ওই চুক্তির পর জুন মাসে বিশ্বে দৈনিক তেল সরবরাহ ৪১ লাখ ব্যারেল বেড়েছে। তবে তা এখনও যুদ্ধ শুরুর আগের তুলনায় দৈনিক ৯৪ লাখ ব্যারেল কম।

এএনজেড ব্যাংকের বিশ্লেষকেরা এক প্রতিবেদনে বলেন, উত্তেজনা নতুন মাত্রা পাওয়ায় এ সংঘাত দ্রুত শেষ হওয়ার আশা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup