

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের ঘোষনার পর বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। এই অবরোধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম একলাফে ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছেছে, যা গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।
বুধবার বিশ্বব্যাপী ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়িয়েছে। কিছু সময়ের জন্য এই দাম ১২২ ডলার ডলারে পৌঁছায়, যা ২০২২ সালের পর এর সর্বোচ্চ দাম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভোক্তাদের ওপর এই সংঘাতের নেতিবাচক প্রভাব কীভাবে সীমিত করা যায় তা নিয়ে আলোচনা করতে শেভরনের প্রধান নির্বাহী মাইক ওয়ার্থসহ জ্বালানি খাতের নির্বাহীরা মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন।
তেল ব্যবসায়ীরা দৃশ্যত এই বৈঠকটিকে এমন একটি ইঙ্গিত হিসেবে নিয়েছেন যে, হরমুজ প্রণালির কার্যকর অচলাবস্থা বা বন্ধ থাকা আরও দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকবে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার মতে, নির্বাহীরা অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন, ভেনিজুয়েলার অগ্রগতি, তেলের ফিউচার (ভবিষ্যতের চুক্তি), প্রাকৃতিক গ্যাস এবং শিপিং (নৌপরিবহন) সহ নানা বিষয়ে আলোচনা করেছেন।
তারা এই বৈঠকটিকে তাদের শিল্প নিয়ে আলোচনার জন্য জ্বালানি নির্বাহীদের সাথে প্রেসিডেন্টের নিয়মিত বৈঠকের একটি অংশ হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তার মতে, সরাসরি সামরিক হামলার চেয়ে নৌ অবরোধ অনেক বেশি কার্যকর। ট্রাম্প দাবি করেন, এই অবরোধের ফলে ইরানের অর্থনীতি ও অভ্যন্তরীণ অবস্থা এখন ‘হাঁসফাঁস’ পর্যায়ে পৌঁছেছে। প্রয়োজন হলে এই অবরোধ আরও দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
ওয়াল স্ট্রিট জার্নালের পৃথক প্রতিবেদনের পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অর্থনীতিকে চাপে ফেলার প্রয়াসে ইরানের বন্দরগুলোতে চলমান অবরোধ বাড়ানোর প্রস্তুতি নিতে তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন।
ইরান জানিয়েছে, মার্কিন অবরোধের জবাবে তারা হরমুজ প্রণালি দিয়ে নৌযানের চলাচলে অবরোধ অব্যাহত রাখবে।
সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কয়েক সপ্তাহ ধরে কার্যকরভাবে বন্ধ রয়েছে। এর ফলে, বিশ্ববাজারে বারবার তেলের দামে ওঠানামা দেখা গেছে।
মন্তব্য করুন
