বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে গতকাল থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। এতে করে দেশের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র বলছে, দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব নদী হলো ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা। এর মধ্যে মনু বাদ দিয়ে বাকি তিন নদীই নেত্রকোনা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া কুশিয়ারা নদীর পানিও এক থেকে দেড় মিটারের বেশি বেড়েছে বলেও জানা গেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই পরিস্থিতিতে দেশের পাঁচটি জেলায় বন্যা হতে পারে। এরই মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনার কিছু এলাকায় বন্যা শুরু হয়েছে বলেও জানা গেছে। অন্য তিনটি জেলাতেও নদ-নদীর পানি বাড়তে থাকায় ঝুঁকি তৈরি হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া গণমাধ্যমকে জানান, মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এর মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনার নিচু এলাকায় এরই মধ্যে পানি ঢুকতে শুরু করেছে।

এর আগে আবহাওয়া অধিদফতর গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় পরবর্তী ৯৬ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।

পানি উন্নয়ন বোর্ড তথ্যমতে, গত চব্বিশ ঘণ্টায় নেত্রকোনার দুর্গাপুর ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভুগাই কংস নদীর পানি বিপদসীমার ৮২ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও এক থেকে দেড় মিটারের বেশি বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব নদী তুলনামূলক ছোট হওয়ায় ভারী বৃষ্টিতে দ্রুত পানি বাড়ে। তবে বৃষ্টিপাত কমে এলে পরিস্থিতির উন্নতি হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন