

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় করতে বাংলা কিউআরভিত্তিক লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ‘বাংলা কিউআর’ কোডভিত্তিক সব লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (IRF) শূন্য নির্ধারণ করা হয়েছে। ফলে এসব লেনদেনে ইস্যুয়ার প্রতিষ্ঠান থেকে কোনো ফি বা সার্ভিস চার্জ নেওয়া যাবে না।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, বাজারভিত্তিক পেমেন্ট সহজীকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য ও সেবা বিক্রেতাদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আনতে ‘Bangla QR’ কোডভিত্তিক পরিশোধ ব্যবস্থা চালু করা হয়েছে।
অন্যদিকে, বাংলা QR লেনদেন সম্প্রসারণে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে মাসিক ভিত্তিতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে একজন রিটেইল হিসাবের মাধ্যমে অনবোর্ড করা ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য বিক্রেতা ও সেবা প্রদানকারীর মার্চেন্ট পেমেন্টে সম্পাদিত প্রতি বাংলা QR-ভিত্তিক NPSB লেনদেনের বিপরীতে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত মাসিক প্রণোদনা দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট অ্যাকুয়ারিং প্রতিষ্ঠানকে লেনদেনের পরিমাণের শূন্য দশমিক ১০ শতাংশ হারে এবং ইস্যুয়ার প্রতিষ্ঠানকে লেনদেনের পরিমাণের শূন্য দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে প্রণোদনা পাওয়ার জন্য কৃত্রিমভাবে লেনদেন ভাগ করে একাধিক ছোট লেনদেনে পরিণত করা বা Transaction Structuring করা যাবে না। একইভাবে failed, reversed, refunded, chargeback, disputed কিংবা পরবর্তী সময়ে বাতিল হওয়া লেনদেনের বিপরীতেও প্রণোদনা দেওয়া হবে না।
বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লেনদেনের রেকর্ড, মার্চেন্ট-সংক্রান্ত তথ্য, নিবন্ধন-সংক্রান্ত তথ্য ও সহায়ক দলিল যাচাই করতে পারবে। অতিরিক্ত, কৃত্রিম বা ত্রুটিপূর্ণ লেনদেনের বিপরীতে ভুলভাবে প্রণোদনা দেওয়া হলে তা ফেরত নেওয়া বা পরবর্তী প্রণোদনার সঙ্গে সমন্বয় করার সুযোগও রাখা হয়েছে।
এ ছাড়া কোনো মার্চেন্টের অস্বাভাবিক সংখ্যক বা অস্বাভাবিক ধরনের লেনদেন পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট অ্যাকুয়ারিং প্রতিষ্ঠানকে তা পর্যবেক্ষণ, যাচাই ও পর্যালোচনা করতে হবে। কৃত্রিমভাবে লেনদেন বিভাজন, ক্যাশ-আউট বা অন্য কোনো ধরনের অপব্যবহার প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। অপব্যবহার প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়া প্রণোদনা ফেরত নেওয়াসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।
বাংলা QR লেনদেনের ফি-সংক্রান্ত নতুন নির্দেশনা ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। একই তারিখ থেকে প্রণোদনা-সংক্রান্ত নির্দেশনাও কার্যকর হবে।

