

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবনির্বাচিত কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. ইসরাত হোসেন খান এবং হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের কোম্পানি সেক্রেটারি ও সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ মাহিদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার জেনারেল ম্যানেজার দিবাকর ডমিনিক ডেসুজা, সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি দুলাল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক শাহ আলম, কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং হোটেলের সর্বস্তরের কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে হোটেল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ইউনিয়নের নেতৃবৃন্দ, কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় হোটেল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সংগঠনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীকে শুধু আনুষ্ঠানিক উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


