মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। টানা দুই দফা কমানোর পর এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন খরচ হবে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা করা হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলংকার তৈরির ক্ষেত্রে নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণ ও রৌপ্যের অলংকার বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া অলংকার বিনিময় ও পুরোনো গহনা কেনাবেচার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে গত ১৪ জুলাই স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন