

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দশ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।
রোববার (৭ জুন) ইকবাল আহসানের সঞ্চালনায় ‘একাত্তর বিজনেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ কে আজাদ বলেন, অনেক কোম্পানি বসে যাচ্ছে। শুধু গার্মেন্টস না, অন্যান্য ফ্যাক্টরিও বন্ধ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে টিকে থাকা দিন দিন কঠিন হয়ে পড়ছে। দেশে প্রতি বছর গড়ে প্রায় ৯ শতাংশ মূল্যস্ফীতি (ইনফ্লেশন) হচ্ছে। ফলে শ্রমিকদের বেতনও নিয়মিত বাড়াতে হয়।
তিনি বলেন, বিদেশি ক্রেতারা পণ্যের দাম বাড়াতে রাজি নন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার ওপর জোর দিচ্ছেন এবং কম জনবল দিয়ে কাজ পরিচালনার পরামর্শ দিচ্ছেন।
পৃথিবীর মতো করে আমরা এগোতে পারছি না জানিয়ে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, পৃথিবী এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর নির্ভর হয়ে যাচ্ছে। ফলে আমাকেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ম্যানপাওয়ার কমাতে হবে।
তিনি বলেন, আমার ৭৫ হাজার কর্মী। সেখান থেকে ১০ হাজার কর্মী কমাবো। অথচ এই ১০ হাজার কর্মী কিন্তু স্কিলড। তারা চাকরিতে ছিল। তো এরা এখন কোথায় যাবে? এ জন্য সরকারকে বাজেটে দূরদর্শী হতে হবে।
এ কে আজাদ বলেন, প্রধানমন্ত্রী বারবার এক কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলেছেন। তাদের কর্মসংস্থান তো আমাদেরকে দিয়ে করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা ক্লিয়ার বলে আসছি ইন্টারেস্ট কমাতে। ১৩ থেকে ১৪ শতাংশ ইন্টারেস্ট নিয়েতো আর কারখানা চালানো যায় না।
