

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাত্র ৭ মাস বয়সী সিদরাতুল মুনতাহা আয়াত এখনো জানে না, তার বাবা আর কোনোদিন ফিরে আসবেন না। ‘বাবা’ বলে ডাকার আগেই সে হারিয়েছে তার সবচেয়ে বড় আশ্রয়কে।
বাড়িতে এখন শুধুই কান্না আর আহাজারি। স্বামীর মৃত্যুর খবর শোনার পর বারবার মূর্ছা যাচ্ছেন তরুণী স্ত্রী। জ্ঞান ফিরলেই ছুটে গিয়ে শেষবারের মতো স্বামীর মুখটি ছুঁয়ে দেখার চেষ্টা করছেন। কখনো নিথর দেহের হাত ধরে বসে থাকছেন, কখনো বুকফাটা কান্নায় ভেঙে পড়ছেন। অন্যদিকে, হতবাক হয়ে সবকিছু দেখছেন বাবা। চোখে অশ্রু, মুখে কোনো ভাষা নেই। যে ছেলেকে ঘিরে ছিল তার জীবনের সব স্বপ্ন, সেই ছেলেকেই আজ চিরবিদায় দিতে হচ্ছে তাকে।
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত নিরব আহমেদ শাহেদ (২৪) দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মেনেছেন। রোববার (৭ জুন) সকাল ৮টার দিকে রাজধানীর উত্তরা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শাহেদ উপজেলার প্রতিমা বংকী পশ্চিমপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) দুপুরে শাহেদ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বাটাজোর থেকে সখীপুরের দিকে আসছিলেন। সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মাথায় গুরুতর আঘাতের কারণে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। উত্তরা জেনারেল হাসপাতালে দুই দিন লাইফ সাপোর্টে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহতের চাচা নুরুল ইসলাম জানান, পরিবারের সবাই আশা করেছিলেন শাহেদ সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু রোববার সকালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
একটি দুর্ঘটনা শুধু একজন যুবকের প্রাণই কেড়ে নেয়নি; কেড়ে নিয়েছে সাত মাস বয়সী এক শিশুর বাবাকে, একজন স্ত্রীর জীবনসঙ্গীকে এবং এক বাবার শেষ বয়সের ভরসাকে। শাহেদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।