বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় জরিপে সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিস

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

অর্থের অভাবে ন্যায়বিচার থেকে যেন কেউ বঞ্চিত না হন, এই লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছে সরকারি আইনগত সহায়তা সেবা পৌঁছে দিতে কাজ করছে ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিস। সচেতনতা সৃষ্টি, সেবা সম্প্রসারণ এবং বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার জাতীয় পর্যায়ের মূল্যায়নে দেশের সেরা জেলাগুলোর কাতারে উঠে এসেছে ঠাকুরগাঁও।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর (জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা) পরিচালিত ‘সচেতনতা কর্মসূচি’ বিষয়ক জরিপে ৬৪ জেলার মধ্যে ঠাকুরগাঁও চতুর্থ স্থান অর্জন করেছে। প্রথম হয়েছে কক্সবাজার, দ্বিতীয় সুনামগঞ্জ এবং তৃতীয় সিরাজগঞ্জ।

সম্প্রতি প্রকাশিত এই জরিপে জেলা পর্যায়ে আইনগত সহায়তা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, প্রচারণা, জনগণের সম্পৃক্ততা এবং সেবা সম্প্রসারণে পরিচালিত কার্যক্রম মূল্যায়ন করা হয়।

জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বাজার ও গ্রাম পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক সভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও গণপ্রচারণার মাধ্যমে সরকারি আইনগত সহায়তা সম্পর্কে জনগণকে সচেতন করা হচ্ছে। এসব উদ্যোগের ফলেই জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি এসেছে।

সেবা প্রদানের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে কার্যালয়টি। ২০২৪ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অভিযোগ গ্রহণ, মামলা পরিচালনা ও নিষ্পত্তির হার প্রায় পাঁচ গুণ বেড়েছে। গত এক বছরে ৮১৪টি আবেদনের মধ্যে ৭১৪টি নিষ্পত্তি করা হয়েছে। প্রায় পাঁচ হাজার মানুষ আইনগত সহায়তা পেয়েছেন। একই সময়ে আদালতে ২২৫টি মামলা দায়ের করা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ৪৪ লাখ ৪৯ হাজার টাকা আদায় সম্ভব হয়েছে। এছাড়া ৭০৩ জন বিনামূল্যে আইনি পরামর্শ পেয়েছেন এবং বিচারাধীন ১৯১টি মামলা আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হওয়ায় আদালতের মামলার জট কমেছে। বিভিন্ন অভিযোগের বিষয়ে ১০টি সরেজমিন পরিদর্শনও করা হয়েছে।

এর মধ্যে আদালতের বাইরে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির এডিআর পদ্ধতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সম্পর্কও অটুট থাকে এবং আদালতের মামলার চাপও কমে।

ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মজনু মিয়া বলেন, “জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি আমাদের জন্য যেমন গর্বের, তেমনি দায়িত্বও বাড়িয়ে দিয়েছে। বিচারপ্রার্থী দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন সহজেই রাষ্ট্রের বিনামূল্যের আইনি সহায়তা পান, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও আরও কার্যকর ও জনমুখী উদ্যোগের মাধ্যমে ঠাকুরগাঁওকে শীর্ষস্থানে নিয়ে যেতে আমরা কাজ করে যাব।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup