রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও, আহ্বায়ক বরখাস্ত

ভূঞাপুর-গোপালপু (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চলতি এইচএসসি পরীক্ষায় টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে ২১ জন শিক্ষার্থীর ওএমআর শীট হারিয়ে ফেলেছে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রভাষক মোজাম্মেল হোসেন। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রভাষক মোজাম্মেল হোসেনকে প্রাথমিকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) ঢাকা বোর্ডের আওতায় অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপরোক্ত বিষয়ে গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে ২১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকরা পরীক্ষার উত্তরপত্র এবং সৃজনশীল উত্তরপত্রের তিন খণ্ড ওএমআর শিট পরীক্ষা কমিটির কাছে বুঝিয়ে দিয়ে যান।

কেন্দ্রের ভারপাপ্ত কর্মকর্তা মো. মানিকুজ্জামান জানান, পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পর পরীক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেন পরীক্ষার উত্তরপত্র এবং ওএমআর শিট পৃথক প্যাকেটে সিলগালা করে রিকশাযোগে স্থানীয় ডাকঘরে পার্সেলের জন্য যান। সেখানে গিয়ে দেখতে পান উত্তরপত্রের প্রথম অংশের ওএমএমআর শীট হারিয়ে গেছে। পরে বিষয়টি ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানানো হয়।

তিনি আরও বলেন- ওএমআর শিটের দ্বিতীয় ও তৃতীয় অংশ খাতার সঙ্গে থাকায় এবং শিক্ষার্থী হাজিরা শিটে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার থাকায় খাতা মূল্যায়নে কোনো অসুবিধা হবে না।

এবিষয়ে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ বলেন- এই ঘটনার খবর শুনে আমরা সাথ সাথে গোপালপুর সরকারি কলেজে ছুটে যাই। এসময় কর্তব্যে অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সৌরভ কুমার দে কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন