শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নৌযান শুমারিতে অনিয়মের অভিযোগ, আবেদন-পরীক্ষা ছাড়াই ২৪ তথ্য সংগ্রহকারী নিয়োগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌযান শুমারির তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে উপজেলা পরিসংখ্যান অফিসের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে ২৪ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হলেও এ জন্য কোনো আবেদন গ্রহণ বা পরীক্ষা নেওয়া হয়নি। অথচ জেলার অন্যান্য উপজেলায় আবেদন ও পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১৫ আগস্ট উল্লাপাড়ায় নৌযান শুমারির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এরআগে দেওয়া হয় নিয়োগ। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৪ জন তথ্য সংগ্রহকারী নেওয়া হয়। এছাড়া পরিসংখ্যান অফিসে কর্মরত আরও চারজনকে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগকারীদের দাবি, কোনো ধরনের আবেদন বা যাচাই-বাছাই ছাড়াই ইউনিয়নভিত্তিক লোক নেওয়া হয়েছে। এতে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ২৪ জনের তালিকায় হাটিকুমরুল ইউনিয়নের একই পরিবারের আব্দুল মতিন ও আব্দুল মমিন নামে দুই ভাইয়ের নাম থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এমন অনিয়মের মধ্যেই ২০ আগষ্ট থেকে নৌযান শুমারী অনুষ্ঠিত হচ্ছে এটি চলবে ২৯ আগস্ট পর্যন্ত।

তবে বড়হর ইউনিয়নে নৌযান শুমারির জন্য লোক নেওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন উল্লাপাড়া বিআরডিবি কর্মকর্তা ও বড়হর ইউনিয়ন পরিষদের প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেন, তাঁর ইউনিয়ন থেকে নৌযান শুমারিতে লোক নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মাহমুদা খাতুন বলেন, পুরো জেলায় নৌযান শুমারির জন্য মোট ১৫০ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন উপজেলায় আবেদন ও পরীক্ষা নেওয়া হলেও উল্লাপাড়ায় নিয়োগের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর ছিল। তিনি তাঁর মতো করে লোক নিয়োগ দিয়েছেন।

আবেদন ও পরীক্ষা ছাড়া কীভাবে নিয়োগ দেওয়া হলো, জানতে চাইলে মাহমুদা খাতুন বলেন, এটি ইউএনওর দায়িত্ব ছিল। তিনি যেটা ভালো মনে করেছেন, সেটাই করেছেন।

অন্যদিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, মাত্র দুই দিন সময় থাকায় আবেদন গ্রহণ ও পরীক্ষা নেওয়ার মতো সময় পাওয়া যায়নি। ইউনিয়ন পরিষদের প্রশাসকদের মাধ্যমে তথ্য সংগ্রহকারী নেওয়া হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম জানান নৌযান শুমারীর দায়িত্ব পরিসংখ্যান অফিসের এটা ইউএনওর বিষয় না, তবে বিষয়টি খোঁজ নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank