রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় দেয়াল ধসে শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

রাজবাড়ীর পাংশায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে ছোয়াদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ছোয়াদ উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে মেঘনা খামারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলছিল ছোয়াদ। এ সময় হঠাৎ একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে তার ওপর পড়ে। এতে শিশুটি গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মেঘনা খামারপাড়া গ্রামে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ছোয়াদ নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন