শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফোন চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম
পিরোজপুরে স্মার্টফোন চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন
expand
পিরোজপুরে স্মার্টফোন চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় স্মার্টফোন চুরির অভিযোগে এক কিশোরকে গাছে বেঁধে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার সেউতিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান।

স্থানীয় সূত্রে জানা যায়, সেউতিবাড়িয়া গ্রামের জসিম মল্লিকের বাড়ি থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ও কিছু নগদ টাকা চুরি হওয়ার অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে এক কিশোরকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, তার কাছ থেকে চুরি যাওয়া দুটি স্মার্টফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ওই কিশোরকে গাছে বেঁধে মারধর করছেন। অন্য একটি ভিডিওতে তার মাথার চুল কেটে দিতে দেখা যায়।

থানা সূত্রে জানা গেছে, আটক কিশোর জাকারিয়া (১৭), উপজেলার কালাইয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। স্থানীয়দের দাবি, এর আগেও তার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। তবে এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি।

ভুক্তভোগী জসিম মল্লিক বলেন, তিনি বাড়ির বাইরে থাকাকালে তার মা জোহরের নামাজ পড়ছিলেন। এ সময় অভিযুক্ত কিশোর দুটি স্মার্টফোন ও মানিব্যাগ থেকে দেড় হাজার টাকা নিয়ে বের হওয়ার চেষ্টা করলে সন্দেহ হয়। পরে তাকে আটক করে ফোন দুটি উদ্ধার করা হয়। তিনি ক্ষোভের বশে দুই-একটি চড় মারার কথা স্বীকার করেন। এরপর স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে মারধর করেন।

স্থানীয় বাসিন্দা মাসুদ হোসেন বলেন, এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। ফোন উদ্ধারের পর উত্তেজিত জনতা কিশোরটিকে মারধর করে।

এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank