শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে স্কুলছাত্রীর মৃত্যু, তদন্তে পুলিশ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৩:৩৪ এএম
সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার
expand
সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার

পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চরগাজীপুর গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারের (১৩) মৃত্যুর ঘটনায় রাজিব খান নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তার পরিবার। তবে এ ঘটনায় পূর্বে আলোচিত সিয়াম, সালমান ও রিয়াজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

গত সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে নিজ বাড়িতে উকুননাশক ওষুধ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সুমাইয়া। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার মৃত কামাল খানের ছেলে রাজিব খানের সঙ্গে দীর্ঘদিন ধরে সুমাইয়ার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন বিকেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় রাজিব বিয়েতে অস্বীকৃতি জানিয়ে তাকে অপমান ও মারধর করে বলে অভিযোগ পরিবারের। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সুমাইয়া বাড়িতে ফিরে বিষপান করে।

সুমাইয়ার কাকী নাসিমা বেগম বলেন, “হাসপাতালে নেওয়ার পর সুমাইয়া আমাকে জানায়, রাজিব তাকে থাপ্পড় মেরে বলেছে তার পরিবার কখনো তাকে মেনে নেবে না। ওই ঘটনার পরই সে অভিমান করে বিষপান করে।”সুমাইয়া মারা যাওয়ার আগে রাজিবের শাস্তি দাবি করছেন।

নিহতের বাবা মামুন শেখ বলেন, “মেয়ের মৃত্যুর সাত দিন আগে একটি ব্যক্তিগত ছবি নিয়ে এলাকায় আলোচনা হয়েছিল। বিষয়টি নিয়ে আমি মেয়ের সঙ্গে কথা বললে সে জানায়, তার কোনো অশ্লীল ছবি নেই। তবে রাজিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মৃত্যুর দিন বিকেলে রাজিব বিয়ে করবে না বলে তাকে অপমান করে। এরপরই সে এই চরম সিদ্ধান্ত নেয়।”

তিনি আরও বলেন, “সিয়াম, সালমান ও রিয়াজের কোনো সম্পৃক্ততা নেই। স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস খান ভুল তথ্য দিয়ে সবাইকে হয়রানি করেছেন। সিয়ামের মোবাইল ফোনে যে ছবি পাওয়া গেছে বলে বলা হয়েছিল, সেটি মিথ্যা ছিল।”

পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে সুমাইয়া তার বাবার উদ্দেশে একটি চিরকুট লিখেছিল, যা পরে রাজিব নিয়ে যায়। বিষয়টি নিয়েও এলাকায় নানা আলোচনা সৃষ্টি হয়েছে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বাত খান বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহতের পরিবার এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank