

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি ও হত্যার হুমকির তদন্তে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা। এতে ওসি (তদন্ত) সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন–কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মঞ্জুর আহমেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনস্টেবল শাহাদাত হোসেন, আবু ইউসুফ ও ড্রাইভার ইসহাক শেখ।
আটককৃতরা হলেন- ঘটনায় জড়িত বিবাদী ছেমনা খাতুন (৫০), বিয়াধনি (৬৫), মনোয়ারা (৪০), আয়েশা (৪০), অজি উল্লাহ (৭০), আবু সুফিয়ান (২৮) ও বোবা জাবের (৪৫)।
পুলিশ জানায়, বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৯-১০ জনকে অভিযুক্ত করে চাঁদা দাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির একটি অভিযোগ দায়ের করেন দারুল ইহসান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার। অভিযোগ পেয়ে ওসি (তদন্ত)সহ পুলিশের টিম ঘটনাস্থলে তদন্তে যায়। এ সময় দুই পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলে ফেরার পথে বাদী নুরুল আবসার পুলিশকে ফোন দিয়ে জানান যে, অভিযুক্তরা মাদ্রাসায় ঢুকে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের কারণ জিজ্ঞাসা করতেই পুলিশের ওপর লাঠি ও ইটপাটকেল দিয়ে হামলা চালায় অভিযুক্তরা। এতে পুলিশের ওই ৫ সদস্য আহত হন। পরে তারা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, এ ঘটনায় পুলিশ হামলার একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

