

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট রুটে চলাচলকারী ফেরি মহানন্দা মেঘনা নদীর চরে আটকা পড়েছে। এতে ফেরিতে থাকা আড়াই শতাধিক যাত্রী ও ১৬টি পণ্যবাহী যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে মেঘনা নদীর চরে ফেরিটি আটকা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেরির মাস্টার মো. নুরুল করিম।
ফেরিতে থাকা যাত্রীদের অভিযোগ, ফেরিটি সকাল সাড়ে ৬টায় চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করে। এ কারণে ভাটার সময় নদীতে পর্যাপ্ত পানি না থাকায় ফেরিটি চরে আটকে যায় এবং যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
ফেরীতে থাকা এক যাত্রী বলেন, "নদীতে নাব্যতা সংকটের পাশাপাশি নির্ধারিত সময়ের পরে ফেরি ছাড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।"
তবে ফেরির মাস্টার মো. নুরুল করিম জানান, ঘাটে নাব্যতা সংকটসহ বিভিন্ন কারণে ফেরি ছাড়তে প্রায় ১০ মিনিট বিলম্ব হয়েছে। সকাল ৭টা ৪০ মিনিটে ভাটার শেষ সময়ে ফেরি ছাড়ায় নদীর চরে আটকে পড়ে।
তিনি আরও বলেন, "এ মুহূর্তে ফেরি সরানোর মতো কিছু করার নেই। সকাল সাড়ে ১০টার দিকে জোয়ার এলে তখন ফেরিটি পুনরায় চলাচল করতে পারবে।"
এ ঘটনায় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা হাতিয়া-নলচিরা নৌপথে নাব্যতা সংকট নিরসন এবং ফেরি চলাচলে সময়ানুবর্তিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।