বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই উধাও জামায়াত এমপির নামফলক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে একটি সড়ক সংস্কার প্রকল্পের উদ্বোধনী নামফলক রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ভাবনচুর গার্লস স্কুল সংলগ্ন সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সেখানে একটি উদ্বোধনী নামফলক স্থাপন করা হয়।

দেখা যায়, নামফলক স্থাপনের জন্য নির্মিত কংক্রিটের স্তম্ভটি খালি পড়ে রয়েছে। নামফলকের কোনো অস্তিত্ব সেখানে দেখা যায়নি।

স্থানীয়রা বলেন, ‘শুক্রবার বিকেলে উদ্বোধনের পর কয়েক ঘণ্টা যেতে না যেতেই নামফলকটি উধাও হয়ে যায়।’

নামফলকের স্তম্ভ নির্মাণকারী মিস্ত্রি বলেন, স্তম্ভ নির্মাণের সময় পার্শ্ববর্তী এলাকার একজন সাবেক ব্যাংক কর্মকর্তা ও বিএনপিকর্মী এসে বলেন, ‘এটা আন্দাজী লাগাইয়া লাভ কী? এটা তো এখানে থাকবে না।’ পরে নামফলকটি হারিয়ে যাওয়ার ঘটনায় ওই মন্তব্য নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।

কাজটির ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার বলেন, ‘আমরা শুরু থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। কাজের জন্য ইট রাখলে তা চুরি হয়ে যায়, সড়কের নালায় বালু ফেলে বাধা সৃষ্টি করা হয়। সর্বশেষ এমপি মহোদয়ের উদ্বোধন করা নামফলকটিও তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কাজটি নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

স্থানীয় এক জামায়াত নেতা বলেন, ‘নামফলকের মতো একটি ছোট জিনিস যদি নিরাপদ না থাকে, তাহলে ইট, বালু ও পাথরের মতো নির্মাণসামগ্রী কীভাবে নিরাপদ থাকবে? এলাকার উন্নয়নের স্বার্থে এ ধরনের দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।’

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে উন্নয়ন কর্মকাণ্ড নির্বিঘ্নে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন