শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে দিনমজুরকে আটকে চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক দিনমজুরকে আটকে রেখে মারধর ও চাঁদা দাবির অভিযোগে এক ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিআইখোলা মোড়ের একটি দোকান থেকে তাদের আটক করা হয় বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

পরে বিকেলে ভুক্তভোগী দিনমজুর রফিকুল ইসলাম (২৫) বাদী হয়ে আটকে রেখে মারধর ও চাঁদা দাবির অভিযোগে এ থানায় একটি মামলা করেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিআইখোলা এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ (২৬), তার অনুসারী একই এলাকার মো. জালালের ছেলে রমজান আলী (২৩), নবীর হোসেনের ছেলে মো. আল আমিন (২২), গিয়াস উদ্দিনের ছেলে গোলাম কিবরিয়া জয় (২১), রহমান মিয়ার ছেলে রবিউল ইসলাম (২৪), মো. লোকমানের ছেলে মো. জাহাঙ্গীর (২৩) ও আব্দুর রহমানের ছেলে মো. আরমান (২২)।

এ মামলায় আরও তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রফিকুলের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি কাজের সুবাদে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত সোমবার রাত সাড়ে দশটার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে সিআইখোলা বউ বাজার এলাকা থেকে তাকে ডেকে নিয়ে যান অভিযুক্তরা। পরে তাকে সেখানের দোকানঘরে রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়। অভিযুক্তরা দুই লাখ টাকা চাঁদাও দাবি করেন বলে অভিযোগ রফিকুলের।

তিনি মামলায় উল্লেখ করেছেন, অস্ত্রের ভয় দেখিয়ে অভিযুক্তরা তার পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা জোগার করতে বললে মঙ্গলবার সকাল আটটার দিকে চাচা মো. হাদিস মিয়াকে মুঠোফোনে কল দিন। হাদিস মিয়া বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানান। পরে দুপুর দুইটার দিকে ওই দোকানে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও সাতজনকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এ মামলায় গ্রেপ্তার আসামিদের সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন