

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের ফতুল্লা চাঁনমারী এলাকার মো. নাছির উদ্দিন (৬০) নামে এক ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যা মামলার আসামি শরীফকে পুলিশের সামনেই মাটিতে ফেলে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আইনজীবীরা জানান, চাঁদমারী এলাকার ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী মো. নাছির উদ্দিন হত্যা মামলার আসামি শরীফকে রিমান্ড শুনানির জন্য আদালতে তোলা হয়। তাকে কোর্ট হাজত থেকে আদালতে নেওয়ার পথে নিহত নাছির উদ্দিনের এলাকার লোকজন পুলিশের সামনেই আসামি শরীফের ওপর হামলার চেষ্টা করে।
একপর্যায়ে আসামি শরীফ আদালতের দরজার সামনে পড়ে যান। তখন বিক্ষুব্ধ জনতা তাকে মাটিতে ফেলে মারধর করে। পরে আরও পুলিশ সদস্য ও আইনজীবীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।আদালত তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সালাউদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, নাছির উদ্দিন হত্যা মামলার আসামি শরীফের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম দুই পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামিকে মারধর প্রসঙ্গে তিনি বলেন, “এই হত্যা মামলার আসামির ওপর এলাকাবাসী অনেক ক্ষুব্ধ। আর তাই তাকে সরাসরি দেখে বিক্ষুব্ধ মানুষ নিজেদের ঠিক রাখতে না পেরে এ ঘটনা ঘটিয়েছে। তবে আমরা আইনজীবী ও পুলিশ বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেছি।”
কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, “হত্যা মামলার আসামিকে আদালতে নেওয়ার পথে একটি পক্ষ হামলার চেষ্টা করেছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। সেই সঙ্গে আদালত আসামির বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”