সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দাবি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম
রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দাবিতে সংবাদ সম্মেলন
expand
রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দাবিতে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্থানীয় শিক্ষিত যুবকদের নিজ এলাকার শিল্প-প্রতিষ্ঠানগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশন।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার ভুলতা এলাকার একটি রেস্তোরায় এ সম্মেলনের আয়োজন করে তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রূপগঞ্জ দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এখানকার উচ্চশিক্ষিত তরুণরা চরম বেকারত্বের শিকার। এলাকার শতশত কলকারখানায় বাইরের জেলা থেকে লোক নিয়োগ দেওয়া হলেও রূপগঞ্জের ভূমিপুত্ররা যোগ্য হওয়া সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না।

সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের পক্ষ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো: -রূপগঞ্জের প্রতিটি শিল্প-প্রতিষ্ঠানে পদভেদে যোগ্যতাসম্পন্ন স্থানীয় গ্র্যাজুয়েটদের নিয়োগ নিশ্চিত করা। -শিল্প-প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহ, ট্রান্সপোর্ট ও অন্যান্য সাব-কন্ট্রাক্ট ব্যবসায় বহিরাগতদের বদলে স্থানীয় শিক্ষিত উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে। -এলাকার শিক্ষিত বেকারদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে শিল্প মালিকদের সাথে সমন্বয় করা।

আয়োজক সংগঠনের প্রতিনিধিরা বলেন, ‘আমরা শিল্পায়নের বিরোধী নই, কিন্তু আমাদের ভিটেমাটির ওপর গড়ে ওঠা কারখানায় যদি আমাদের সন্তানদেরই কর্মসংস্থান না হয়, তবে সেই উন্নয়ন অর্থহীন। আমরা চাই স্থানীয় শিল্প মালিকরা আমাদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।’

সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হয় যে, এই দাবি আদায়ে আগামীতে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় শিল্প মালিক সমিতির কাছে স্মারকলিপি প্রদান করা হবে। দাবি মানা না হলে শান্তিপূর্ণ মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, ভুলতা ইউনিয়নের কো-অর্ডিনেটর কাজী অমিত হাসান, মুড়াপাড়া ইউনিয়নের কো-অর্ডিনেটর আবু কাওছার মিঠু, গোলাকান্দাইল ইউনিয়নের কো-অর্ডিনেটর রিদয় হাসান,কায়েতপাড়া ইউনিয়নের কো-অর্ডিনেটর ব্যরিস্টার মিলন প্রান্ত ও আবুবকর সিদ্দিক, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, রূপগঞ্জ সদর ইউনিয়নের কো-অর্ডিনেটর গুলজার হোসেন, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক এম কে মাসুম, ইমরান, অন্তর, রিদিন প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন