

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জের হরিরামপুরে আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৯টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও ৮টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সকাল প্রায় পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি হোটেলের পাশের পেট্রোল ও অকটেন বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
মন্তব্য করুন