

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনার জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা অন্তত পাঁচ জন শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলাম।
জানা যায়, ঢাকা জেলার হেমায়েতপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী ছিলেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার ইদ্রিস আলীর ছেলে কাউসার।
পরবর্তীতে, কাউসার বাসটিকে অনুসরণ করে সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে বাসের গতিরোধ করে তিনি সহ অজ্ঞাত ৩-৪ জন এসে বাসটির জানালার গ্লাস ভাঙচুর করেন। এতে বাসে অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রিনোলজি বিভাগ ১ম বর্ষের শিক্ষার্থী রিম্বি আক্তার এবং ইতিহাস বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূর্ণিমা আক্তার সহ ৫ জন শিক্ষার্থী আহত হন। আহতরা বর্তমানে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, সড়ক দুর্ঘটনার জেরে মোটরসাইকেল আরোহী স্থানীয় কাউসার সহ অজ্ঞাত ৩-৪ জন গ্যাস পাইপ দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাজহারুল ইসলাম জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় ৩-৪ জন আহত হয়েছে। তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

